২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শেষ পর্যায়ে

১০ মাস ধরে গোপন বৈঠক চলার পর আফগান তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আফগান য্দ্ধু বন্ধের লক্ষ্যে শান্তি আলোচনা শুরু হবে কিনা তা খুব শিগগিরই জানা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১০ মাস ধরে গোপন বৈঠক চলার পর আফগান তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আফগান য্দ্ধু বন্ধের লক্ষ্যে শান্তি আলোচনা শুরু হবে কিনা তা খুব শিগগিরই জানা যাবে। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আলোচনায় গতি আনার জন্য গুয়ানতানামো সেনা কারাগারে বন্দি তালেবান জঙ্গিদের আফগান সরকারের জিম্মায় হস্তান্তরের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র সরকার। তবে কতজন বন্দিকে হস্তান্তর করা হবে তা এখনও নির্ধারিত হয়নি। বিভিন্ন সূত্র অনুযায়ী ধারণা করা হয়, গুয়ানতানামো কারাগারে ২০ জনের মতো আফগান বন্দি রয়েছে। এর বিনিময়ে তালেবান কি করতে পারবে তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালেবান প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে, তালেবান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দেবে এবং রাজনীতিতে যোগ দেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বাধীন আফগান সরকারের সাথে আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, মোল্লা ওমরের নেতৃত্বাধীন তালেবান কোয়েটা সুরার প্রতিনিধিদের সাথে তারা প্রধানত জার্মানি ও দোহায় এ পর্যন্ত প্রায় অর্ধ ডজন বৈঠকে মিলিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে তালেবান প্রতিনিধিদের যোগাযোগের খবর মাঝে মাঝে প্রকাশিত হলেও কূটনৈতিক পর্যায়ে গোপন যোগাযোগ ও সম্ভাব্য বন্দি বিনিময়ের বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিলো। তবে এই আলোচনা শেষ পযন্ত ব্যর্থ হলে, চলমান সংঘাত না থেমে ২০১৪ সালে ন্যাটো সেনারা আফগানিস্তান ছেড়ে গেলে তা গৃহযুদ্ধের রূপ নিতে পারে। আর আলোচনা ফলপ্রসূ হলে রাজনৈতিকভাবে আফগান যুদ্ধ শেষ হবে এবং তালেবানের কোয়েটা সুরা নমনীয় হয়ে উঠতে পারে। তবে কিছু জঙ্গি তালেবান চলমান আলোচনা প্রত্যাখ্যান করতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। সবকিছু বিবেচনা করে আফগানিস্তানের ভবিষ্যৎ কি হবে তা আগামী কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫১ ঘ.