জাতিসংঘ. ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নিহত সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির আটক ছেলে সাইফ আল-ইসলামের আইনজীবীর সহায়তা প্রাপ্য বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাউটস ওয়াচ। এ জন্য লিবিয়ার বর্তমান সরকারের অনুমতি দেওয়া প্রয়োজন বলে জানিয়েছে তারা।
বুধবার এক বিবৃতিতে তারা একথা জানায়।
এর আগে রোববার নিউ ইয়র্কভিত্তিক ওই মানবাধিকার সংস্থার ফ্রেড আব্রাহামস লিবিয়ার জিলটানে সাইফের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “সাইফ জানিয়েছে, তাকে ভালো খাবার দাবার ও চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা নিয়েও তার কোনো অভিযোগ নেই। পরিবারের সঙ্গে কম যোগাযোগ ও আইনজীবীর সহায়তা নেওয়ার অনুমতি না দেওয়াই তার প্রধান উদ্বেগের বিষয়।”
সাইফ, তার পিতা কর্নেল গাদ্দাফি ও লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল-সেনুসির বিরুদ্ধে মুয়াম্মার গাদ্দাফিবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের হত্যার অভিযোগ এনেছে আইসিসি। এ আন্দোলনেই গত অগাস্ট মাসে গাদ্দাফির পতন হয়।
আর আন্দোলনের নেতৃত্বদানকারী জাতীয় অন্তর্র্বতীকালীন পরিষদ (এনটিসি) বারবার জানিয়েছে, তারা সাইফকে হস্তান্তর করবে না এবং লিবিয়াতে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে।
গাদ্দাফিকে আটক ও হত্যার এক মাস পর গত ১৯ নভেম্বর সাইফকে গ্রেপ্তার করা হয়।
আব্রাহামস বলেন, “সাইফ আল-ইসলাম গাদ্দাফি এবং লিবিয়াতে আটক আরো ৮ হাজার ব্যক্তি যাদেরকে আইনজীবীর সহায়তা নিতে দেওয়া হচ্ছে না তাদের এ সহায়তা প্রাপ্য। যথাযথ তদন্ত ও যত তাড়াতাড়ি সম্ভব একজন স্বাধীন বিচারকের সামনে তাদেরকে হাজির করা উচিত।”
আব্রাহামসকে সাইফ জানান, জেনারেল প্রসিকিউটর আব্দেল আজিজ আল-হাসাদি ও লিবিয়ার বিভিন্ন সরকারি কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া রেডক্রসের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর লুই মোরেনো ওকাম্পো জানান, লিবিয়ার বিচারব্যবস্থা যে সুষ্ঠু হবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপরও মানবতাবিরোধী অপরাধের বিচারে সাইফ আল ইসলামকে হেগভিত্তিক আইসিসি’র কাছে হস্তান্তরের দাবি জানাবেন না তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫০৬ ঘ.
bdnews24