২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানা ছাড়লো ইয়েমেনের বিবাদমান দলগুলো

ইয়েমেনের রাজধানী সানায় অবস্থান নেওয়া বিদায়ী প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত বাহিনী ও তার বিরোধীদের অনুগত বাহিনীগুলো শনিবার তাদের নিজ নিজ অবস্থান থেকে সরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

সানা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় অবস্থান নেওয়া বিদায়ী প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত বাহিনী ও তার বিরোধীদের অনুগত বাহিনীগুলো শনিবার তাদের নিজ নিজ অবস্থান থেকে সরে গেছে। এর মধ্য দিয়ে রাজধানীতে শান্তির পরিবেশ ফিরে আসতে শুরু করলেও দক্ষিণাঞ্চল এখনো অশান্ত। মুসলিম জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সেখানে দুজন সেনা নিহত হয়েছে। গত মাসে সৌদি আরবে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায়ই সানার বিরোধী বাহিনীগুলো নিজ নিজ অবস্থান ছেড়ে যায়। শান্তি চুক্তি বাস্তবায়নের পথে এটি আরেক ধাপ অগ্রগতি বলে পর্যবেক্ষকদের ধারণা। শান্তিচুক্তি অনুযায়ী বিবদমান বাহিনীগুলো প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণে একটি সামরিক কমিটি গঠন করা হয়েছে। গত জানুয়ারিতে সালেহ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সরকার অনুগত ও সরকার বিরোধী বাহিনীগুলো সানার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রাজধানীকে কার্যত বিভক্ত করে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর সানা ও সালেহ শাসিত দক্ষিণ সানার মাঝের সিক্সটি স্ট্রিট বরাবর বিভক্তকারীদের ব্যারিকেডগুলো সামরিক বুলডোজার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সামরিক কমিটির মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবাকে জানিয়েছেন, দুপক্ষের সেনা প্রত্যাহারের প্রথমদিনটি বেশ ভালভাবেই পার হয়েছে। সালেহ’র ছেলে আহমদের নেতৃত্বাধীন রিপাবলিকান গার্ডের সেনারও সানায় তাদের পূর্ব অবস্থান থেকে সরে গেছে। তবে আধা সমারিক বাহিনী সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের ঘেরাওয়ের মধ্যে থাকা আল-আহমার গোষ্ঠির বিদ্রোহীরা এখনও তাদের অবস্থান থেকে সরেনি বলে জানান স্থানীয় এক বাসিন্দা। গত জানুয়ারি মাসে সালেহ’র ৩৩ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। সেনাবাহিনী তখন থেকে রাজধানীতে অবস্থান নিয়েছিলো। সরকার বিরোধী আন্দোলন-বিক্ষোভ বিদ্রোহে মোড় নিলে ইয়েমেনে শান্তি ফেরানোর উদ্যেগ নেয় উপসাগরীয় আরব দেশগুলো। তাদের প্রচেষ্টায় বিবদমান পক্ষগুলোর মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী প্রেসিডেন্ট সালেহ উপ-রাষ্ট্রপতি আবদ-রাব্বু মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর শান্তিচুক্তি অনুযায়ী বিরোধী দলের এক নেতার নেতৃত্বে ইয়েমেনের নতুন সরকার গঠিত হয়। আসছে ফেব্র“য়ারিতে ইয়েমেনে আগাম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৫০৫ ঘ.