২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবিলাকেই প্রেসিডেন্ট ঘোষণা সর্বোচ্চ আদালতের

কঙ্গোয় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোসেফ কাবিলাকে জয়ী বলে ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

কিনশাসা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোয় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোসেফ কাবিলাকে জয়ী বলে ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। চলতি বছরের ২৮ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও স্বচ্ছতার অভিযোগে এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। শুক্রবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আদালত কাবিলার পক্ষেই রায় দিয়েছে। এর মধ্যদিয়ে বিরোধীপক্ষের নির্বাচনে কারচুপির অভিযোগও খারিজ হলো। সর্বোচ্চ আদালতের প্রধান জেরোমে কিটোকো আইন মন্ত্রণালয়ে বলেন, কাবিলা ৪৮ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি আরো বলেন, “জোসেফ কাবিলা শেষ পর্যন্ত সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মধ্যদিয়ে রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।” এরআগে নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফলে কাবিলা জয়ী হয়েছেন বলে জানায় দেশটির প্রধান নির্বাচন কমিশনার ড্যানিয়েল গয় মুলুন্ডা। তিনি জানান, কাবিলা প্রায় ৪৯ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী এতিয়েন শিসেকেদি ৩২ শতাংশ ভোট পেয়েছেন। এ ফলাফলকে একটি পর্যবেক্ষক সংগঠন সন্দেহজনক বলে উল্লেখ করে। প্রধান বিরোধীদলীয় নেতা ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এতিয়েন এ ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে কঙ্গোর নতুন নির্বাচিত নেতা হিসেবে ঘোষণা করেন। তার ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে যোগাযোগমন্ত্রী ল্যাম্বার্ট মেন্ডে জানান, এতিয়েনের নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা ‘নির্বুদ্ধিতা ও অবৈধ’। এতে সহিংসতার সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। অন্যদিকে, ওই ফলাফল ঘোষণার পর বিরোধী দলের সমর্থকরা রাজধানীর বিভিন্ন অংশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করে। যুুদ্ধবিধ্বস্ত দেশটিতে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনই স্থানীয়ভাবে আয়োজিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনের আয়োজন করার মধ্যদিয়ে দেশটি কয়েক বছর ধরে চলা সংঘর্ষের অবসান এবং স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেইসাথে বিনিয়োগকে উৎসাহিত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১০ ঘ.