২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানামার পথে নরিয়েগা

পানামার কারাদণ্ডপ্রাপ্ত সাবেক একনায়ক ম্যানুয়েল নরিয়েগা রোববার পানামা যাচ্ছেন। নিজ দেশেই দণ্ড ভোগ করার জন্য তাকে ফেরত পাঠাচ্ছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

পানামা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পানামার কারাদণ্ডপ্রাপ্ত সাবেক একনায়ক ম্যানুয়েল নরিয়েগা রোববার পানামা যাচ্ছেন। নিজ দেশেই দণ্ড ভোগ করার জন্য তাকে ফেরত পাঠাচ্ছে ফ্রান্স। এএফপি জানিয়েছে, প্যারিসের ওরলে বিমানবন্দর থেকে মাদ্রিদের পথে যাত্রা করেছেন নরিয়েগা। পরে মাদ্রিদ থেকে আরেকটি বিমানে করে তিনি পানামা পৌঁছবেন। এরপর তাকে কারাগারে পাঠানো হবে। ৭৭ বছর বয়সী সাবেক সেনা কর্মকর্তা নরিয়েগা পানামায় ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তার শাসনামলে সংঘটিত বিভিন্ন অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তার অনুপস্থিতিতে বেশ কয়েকটি মামলা নিষ্পত্তি হয় এবং প্রতিটিতে ২০ বছরের কারাদণ্ড হয়। নরিয়েগা ইতোমধ্যে মাদক চোরাকারবার ও অর্থ পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে ২০ বছরেরও বেশি সময় জেলে কাটিয়েছেন। নরিয়েগাকে হস্তান্তরের ব্যাপারে পানামার অনুরোধের পরিপ্রেক্ষিতে প্যারিসের একটি আদালত গত মাসে এর অনুমোদন দেয়। রোববার সকালে প্যারিস থেকে পানামার উদ্দেশ্যে যাত্রা করে নরিয়েগা। তার সঙ্গে আছেন একজন চিকিৎসক ও পানামার অ্যাটোর্নি জেনারেল। নরিয়েগার আইনজীবী একে ‘সুসংবাদ’ বলে অভিহিত করেছেন। কেননা এই বৃদ্ধ ও ক্লান্ত মানুষটি শেষপর্যন্ত নিজ দেশে ফিরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের এক সময়ের মিত্র নরিয়েগা ১৯৯০ সালের জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে আটক হন। মধ্য আমেরিকার রাষ্ট্র পানামাকে মাদক চোরাচালানের মূলকেন্দ্রে পরিণত করছেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নরিয়েগা যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হয়ে ২০ বছর কারাদণ্ড ভোগ করেন। ২০১০ সালে তাকে ফ্রান্সের হাতে হস্তান্তর করা হয়। কলাম্বিয়ার একটি মাদক গোষ্ঠীর অর্থে ফ্রান্সে সম্পদ গড়ে তোলেন নরিয়েগা। এ জন্য ফ্রান্সে তার বিরুদ্ধে অর্থ চোরাচালানের মামলা হয়। ফ্রান্সের আদালতে তার ৭ বছরের কারাদণ্ড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৮ঘ.