২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ১৩

ফিলিপাইনে একটি ছোটো বিমান বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিন জন নিখোঁজ ও ১০ জনের মতো আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ম্যানিলা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে একটি ছোটো বিমান বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিন জন নিখোঁজ ও ১০ জনের মতো আহত হয়েছে। রাজধানী ম্যানিলার নিকটবর্তী পারানাকে শহরে স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি একটি স্কুল ভবনের ওপর পড়লে সেখানে আগুন ধরে যায় এবং আশপাশের প্রায় ৩০টি ঘর আগুনে পুড়ে যায়। ম্যানিলার একটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিন্দোরো দ্বীপের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ পরিদর্শক এনরিক সি সাংবাদিকদের বলেন, বিমানের তিন আরোহীর সবাই নিহত হয়েছে। “ঘটনাস্থল থেকে এ পর্যন্ত আমরা ১৩টি মৃতদেহ উদ্ধার করেছি। বিমানের ধ্বংসাবশেষের কাছ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।” লাশগুলো পুড়ে যাওয়ায় নিহতদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। পারানাকের মেয়র ফ্লোরেন্সিও বেরনাবে বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর স্কুল ভবনের পাশের বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই স্কুলে কোনো ক্লাস ছিলো না বলে জানান তিনি। ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল প্রধান রামোন গুতিয়েরেজ বলেন, উড্ডয়নের পরপরই বিমান থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এএমটি/১৯৪০ ঘ.