ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ওই হাসপাতালের সাত পরিচালককে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
শনিবার সকালে সাত পরিচালক রাধে শিয়াম গোয়েনকা, প্রশান্ত গোয়েনকা, মানিশ গোয়েনকা, শ্রাবণ কুমার তোড়ি, রবি তোড়ি, দয়ানন্দ আগরওয়াল ও রাধে অহিয়াম আগরওয়ালকে আদালতে হাজির করা হলে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত।
আগের দিন পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ‘হত্যার অপরাধ’র অভিযোগ আনা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা একজন বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে বলে শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার হাসপাতালে যে ব্লকে আগুন লেগেছিলো সেটি ও তার পাশের ব্লকটি বন্ধ করেছে সরকার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অধিকাংশ নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ৯০ জনের মধ্যে ইতোমধ্যে ৮৭ জনের মৃতদেহের ময়না তদন্ত শেষ হয়েছে।
হাসপাতালটি রাধে শিয়াম গোয়েনকা ও শ্রাবণ কুমার তোড়ির মালিকানায় ইমামি গ্র“প এবং শ্রচী গ্র“পের যৌথ উদ্যোগে পরিচালিত।
হাসপাতালে অগ্নি নিরাপত্তা আইন মেনে চলার ক্ষেত্রে গাফিলতি করা হয়েছে বলে অভিযোগ করেছে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও সরকার। এছাড়া আগুন লাগার পর রোগীদের ফেলে হাসপাতালের ডাক্তার ও অন্যান্য কর্মীদের পালিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালটির একটি ভবনের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত চারটি তলায় ছড়িয়ে পড়ে। পুরো হাসপাতালে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।
কর্তৃপক্ষের গাফিলতির কারণে ইতোমধ্যেই হাসপাতালটির অনুমোদন বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ‘অমার্জনীয় অপরাধ’। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেজমেন্টে আগুন লাগার পর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ধোঁয়া অন্যান্য তলায় ছড়িয়ে যায়। ওই ভবনের ১৬০টি শয্যায় তখন রোগী ভর্তি ছিল।
এর আগে ২০০৮ সালেও একবার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এই হাসপাতালে। ওই অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৭১৮ ঘ.
bdnews24