ফ্রাঙ্কফুট, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) সুদের হার নতুন করে রেকর্ড পরিমাণ কমে দাঁড়িয়েছে ১ শতাংশে।
ইউরোজোন সঙ্কট এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
ইউরো বাঁচাতে ব্রাসেলসে ইইউ নেতাদের আসন্ন সম্মেলনের আগে ইসিবি’র এ পদক্ষেপে এখন সবারই নজর থাকবে এ ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাঘির ওপর।
বিশেষ করে সম্মেলনের পর সাংবাদিক সম্মেলনে তিনি কি বলেন তা শুনতে উদগ্রীব সবাই।
দ্রাঘি গত মাসে ইসিবির প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ২য় বারের মতো সুদের হার রেকর্ড পরিমাণ কমালেন।
তার পূর্বসূরি জ্য-ক্লড ত্রিচেট এর সময় সুদের হার বাড়ানো হচ্ছিল।
কিন্তু দ্রাঘি দায়িত্ব নেওয়ার পরই তা কমান। আর এখন ২য় বার সুদের হার কমানোয় তা আবার গিয়ে দাঁড়ালো ১ শতাংশের পর্যায়ে-- ২০০৯ সালের গ্রীস্ম থেকে ২০১০ সালের শেষ নাগাদ যে হার চালু ছিলো।
সে সময়ও বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট এবং মন্দার কারণেই ইসিবি’র সুদের হার কমানো হয়। ব্যাংকটি ইউরোজোনের অর্থনৈতিক নীতি পরিচালনা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫০ঘ.
bdnews24