২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিক্ষোভ উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র: পুতিন

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন নিয়ে বিক্ষোভ যুক্তরাষ্ট্রই উস্কে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন নিয়ে বিক্ষোভ যুক্তরাষ্ট্রই উস্কে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। তিনি বলেন, “বিরোধী কিছু কর্মীর জন্য বিক্ষোভের আবহ তৈরি করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।” “তিনি তাদেরকে (ক্রেমলিনের বিরোধীপক্ষ) সংকেত দিয়েছেন। তারা তা শুনেছে এবং সক্রিয় হয়ে উঠেছে।” গত রোববার রাশিয়ায় অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে অনিয়ম, জালিয়াতির অভিযোগে জনতা বিক্ষোভে নামার পর প্রথম প্রতিক্রিয়ায় একথা বললেন পুতিন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা রাশিয়ার নির্বাচনে অনিয়মের অভিযোগ করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরপরই জ্বলে ওঠে বিক্ষোভের আগুন। কর্তৃপক্ষ এ পর্যন্ত শ’শ’ বিক্ষোভকারীকে আটক করেছে। কিন্তু তাতেও থামছে না বিক্ষোভ। এ সপ্তাহ শেষে আবার নতুন করে মিছিল বের করার পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের। নির্বাচনের বিরোধিতাকারীদের দোষারোপ করে পুতিন বলেছেন, তারা বিদেশি সরকারের হয়ে কাজ করছে। নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভকারীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে অভিযোগ করে পুতিন বলেন, রাশিয়ার বেশিরভাগ মানুষই রাজনৈতিক বিশৃঙ্খলা চায় না। সতর্ক করে দিয়ে তিনি বলেন, যারা বিদেশি সরকারের হয়ে কাজ করে রাশিয়ার রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে তাদেরকে এর কৈফিয়ত দিতে হবে। এপি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বিবিসি একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩০ঘ.