ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের সঙ্গে নতুন ধরনের একটি পারমাণবিক চুল্লী তৈরির করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম কম্পিউটার সামগ্রী ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
এ ব্যাপারে বুধবার চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে গেটস আলোচনায় বসেন বলে জানিয়েছে ভারতের এনডিটিভি।
আলোচনার এক পর্যায়ে গেটস বলেন, যতোটা সম্ভব স্বল্পমূল্যে, অত্যন্ত নিরাপদ ও কম বর্জ্য উৎপাদন করে এমন একটি চুল্লী তৈরির চেষ্টা করা হবে।
ওয়াশিংটনভিত্তিক পারমাণবিক চুল্লী নকশা ও পরিকল্পনাকারী প্রতিষ্ঠান ‘টেরাপাওয়ার’র অন্যতম বিনিয়োগকারী বিল গেটস।
পারমাণবিক চুল্লীতে ইউরেনিয়াম ব্যবহারের পরে উৎপাদিত বর্জ্য দিয়েও চলবে এমন পারমাণবিক চুল্লীর নকশা করছে টেরাপাওয়ার।
বিল গেটস জানান, চীনের রাষ্ট্রায়ত্ব চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের সঙ্গে টেরাপাওয়ারের আলোচনা বেশ ভালোই এগোচ্ছে।
এ প্রকল্পে গবেষণা ও উন্নয়নের জন্য আগামী পাঁচ বছরে অন্তত একশ’ কোটি ডলার বিনিয়োগ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১৪৩ ঘ.
bdnews24