২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র কাঠগড়ায় ল্যঁরা বাগবো

আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট ল্যরা বাগবো সোমবার মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

আফ্রিকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট ল্যরা বাগবো সোমবার মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির হয়েছেন। সাবেক কোনো রাষ্ট্রপ্রধান হিসাবে তিনিই প্রথম হেগের আন্তর্জাতিক আদালতে হাজিরা দিলেন। ৬৬ বছর বয়স্ক বাগবোকে গত সপ্তাহে আইভরি কোস্টে গ্রেপ্তার করে নেদারল্যান্ডে নেওয়া হয়। এতোদিন হেগের একটি হাজতে আটক রাখা হয়েছিলো তাকে। কালো স্যুট, সাদা শার্ট ও গাড় নীল রঙের একটি টাই পরে তিনি আদালতে হাজির হন। এ সময় তিনি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে। গত বছর নভেম্বরে আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আলাসানে ওয়াত্তারা বিজয়ী হলে তার হাতে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানান তিনি। এরপরই আইভরি কোস্টে শুরু হয় গৃহযুদ্ধ। চারমাস ব্যাপী এ গৃহযুদ্ধে ৩ হাজার মানুষ নিহত এবং দশ লাখের বেশি লোক বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়। ২০১০ সালেল ১৬ ডিসেম্বর থেকে ২০১১ সালের ১২ এপ্রিল পর্যন্ত এসব ঘটনা ঘটে। আইসিসি’র প্রধান কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো বলেছেন, আইভরি কোস্টে ব্যাপকভাবে ও সুকৌশলে সাধারণ জনগণের ওপর হামলার প্রমাণ রয়েছে। এ অপরাধের অভিযোগে আইসিসি বাগবোকে সাজা দিতে পারে। আর সোমবারের শুনানি হচ্ছে সে প্রক্রিয়ারই প্রথম ধাপ। আদালত জানিয়েছে, ২০১২ সালের ১৮ জুন মামলার রায় ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৮ঘ.