ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক ক্রিকেটার ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান তার সম্পদের হিসাব প্রকাশ করেছেন।
রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে নিজের সম্পদের হিসাব প্রকাশ করার পর অন্য রাজনৈতিক নেতাদের প্রতিও তার পথ অনুসরণ করে তাদের সম্পদের হিসার প্রকাশ করার আহ্বান জানান বলে দ্য ডন জানায়।
ওই সংবাদ সম্মেলনে তিনি সদ্য তার দলে যোগ দেওয়া শাহ মেহমুদ কুরেশিকে পিটিআই-এর ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেন।
শাহ মেহমুদ কুরেশি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপিপি) সদস্য ছিলেন।
ইমরান দাবি করেন, তার সমস্ত সম্পদ নিজের নামেই রয়েছে এবং তা পাকিস্তানেই।
এ সময় তিনি শাওকাত খানুম হাসপাতালের আর্থিক বিষয়াদি নিয়ে তার সম্পর্কে ওঠা অভিযোগ খণ্ডন করে জানান, ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের পর তিনি নওয়াজ শরিফের কাছ থেকে দুটি প্লট পেয়েছিলেন। ওই দুটোও তিনি হাসপাতালকে দান করে দিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, আমার মিথ্যা তথ্য দিয়েছি যদি কেউ প্রমাণ করতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেব। তিনি আরো বলেন, তার দলের বাকি সদস্যরাও শিগগিরই তাদের সম্পদের হিসাব প্রকাশ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪১ ঘ.
bdnews24