২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উষ্ণায়ন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে শহরও’

শহরগুলোতে কম কার্বন নিঃসরণমূলক ব্যবস্থা গড়ে তুলে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় ছাড়াই বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা সম্ভব। ডারবান জলবায়ু সম্মেলন থেকে জানাচ্ছেন তালাত কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 07:18 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

তালাত কামাল ডারবান থেকে ডারবান, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশে গাছপালা বাড়িয়ে আর বনায়ন করে-করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণের ধারণা পুরনো হয়ে এসেছে। ব্রিটিশ দুই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক যৌথ গবেষণায় বলা হচ্ছে, উষ্ণায়ন নিয়ন্ত্রণে শহরগুলিও ভূমিকা রাখতে পারে। যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ের পরিচালিত একটি গবেষণা প্রতিবেদন দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে (কনফারেন্স অব দি পার্টিস-কোপ ১৭) এ গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শহরগুলো। ‘সিটি-স্কেল মিনি স্টার্ন রিভিউ’ শিরোনামের এ গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা দাবি করেছেন, ‘তুলনামূলক কম সময়ে এবং অতিরিক্ত কোনো ব্যয় ছাড়াই’ পরিবর্তন আনা যায়। ইউনিভার্সিটি অব লিডস ও ইউনিভার্সিটি অব ইয়র্কের এ গবেষক দল ১৮ মাসের বেশি সময় নিয়ে এ গবেষণা পরিচালনা করেছেন। তাতে বলা হয়েছে, একটি আধুনিক শহরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দুই শতাংশ ১০ বছর কম কার্বন নিঃসরণ ও জ্বালানি সাশ্রয়ে ব্যয় করা হলে ওই শহরের কার্বন নিঃসরণের মাত্রা ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব অতিরিক্ত কোনো অর্থ ব্যয় ছাড়াই। গবেষক দলের প্রধান ও লিডস স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টের অধ্যাপক অ্যান্ডি গোল্ডসন ব্যাখ্যা করে বলেন, এ প্রকল্পে বৈষ্ণিক উষ্ণতা মোকাবেলায় শহরে কার্বন নিঃসরণ কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কম কার্বন নিঃসরণে প্রতি একশ কোটি পাউন্ড বিনিয়োগে বছরে গৃহ, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি খাতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে ২২ কোটি পাউন্ড ব্যয় সাশ্রয় সম্ভব। এভাবে মাত্র চার বছরের কিছু বেশি সময়ে বিনিয়োগের পুরো অর্থ সাশ্রয় সম্ভব। এ গবেষণার পৃষ্ঠপোষক সেন্টার ফর লো-কার্বন ফিউচারের পরিচালক জন প্রাইস বলেন, “আমাদের শহরগুলোকে কার্বন নিঃসরণমুক্ত করার অর্থ-সাশ্রয়ী এ পরিকল্পনা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের কৌশলের কেন্দ্রে আনা উচিত।” সব দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের অর্ধেকের বেশি শহরে হয়ে থাকে, শহরগুলোতে প্রায় অর্ধেক মানুষের বসবাস এবং মানবসৃষ্ট কার্বন নিঃসরণের ৪০ থেকে ৭০ শতাংশ শহরগুলোতে হয়ে থাকে- এ তথ্য উল্লেখ করে প্রাইস বলেন, “এ গবেষণা দেখিয়েছে, কম কার্বন নিঃসরণমূলক ব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগ কেবল অর্থনৈতিকভাবে সম্ভবই নয়, এটা পুরোপুরি সাশ্রয়ীও।” এ গবেষণার ক্ষেত্রে গবেষক দল বিস্তৃত পরিসরে কম কার্বন নিঃসরণের ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্যয় এবং তাতে কার্বন নিঃসরণের মাত্রা পর্যালোচনা করেছেন। শহরে ঘরকন্না, শিল্প- কারখানা, বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে এ পদ্ধতি অনুসরণ করতে হবে। কার্বন নিঃসরণের ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে তা সূর্যের তাপ বায়ুমণ্ডলে আটকে দেওয়ার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। এতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় এবং তাতে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটে ঘনঘন ঘূর্ণিঝড় ও বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, নদীভাঙন ও পানিতে লবণাক্ততা বৃদ্ধিসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করে। আশঙ্কা করা হয়, বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে তা জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আনতে পারে যা প্রশমণের কোনো উপায় থাকবে না। জাতিসংঘ ও বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে হলে ১৯৯০ যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হতো ২০২০ সাল নাগাদ তা ৪০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ তা ৯৫ শতাংশ কমিয়ে আনতে হবে। এছাড়া ২০১৫ সালের পর কোনোভাবেই কার্বন নিঃসরণের পরিমাণ সর্বোচ্চ হতে পারবেন না। কার্বন গ্যাস নিঃসরণের মাত্রা পরিমাণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনতে ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়। এ চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হতে চললেও আইনি বাধ্যবাধকতা না থাকায় শিল্পোন্নত দেশগুলোকে কার্বন গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে বাধ্য করা যায়নি। এ কারণেই গত দুটি জলবায়ু সম্মেলনেই নতুন একটি চুক্তি করার কথা বলা হচ্ছে, যাতে কার্বন গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও বাধ্যবাধকতা থাকবে। গত ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হওয়া ১২ দিনের জলবায়ু সম্মেলনে এগুলোই উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর মুখ্য দাবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিকে/এএইচ/পিডি/০১১৬ ঘ.