২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ

গত ছয় দশকের মধ্যে মিশরে অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনের প্রথম পর্বে আশি লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রধান নির্বাচনী কর্মকর্তা। এ সংখ্যা মোট ভোটারের ৬২ শতাংশ। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

কায়রো, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ছয় দশকের মধ্যে মিশরে অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনের প্রথম পর্বে আশি লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রধান নির্বাচনী কর্মকর্তা। এ সংখ্যা মোট ভোটারের ৬২ শতাংশ।

শুক্রবার মিশরের নির্বাচন কমিটির প্রধান আব্দুল ময়েজ ইব্রাহিম এ কথা জানান। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের আমলের যে কোনো নির্বাচনের চেয়েই এ সংখ্যা অনেক বেশি বলে জানান তিনি।

 

মিশরের চলতি পার্লামেন্ট নির্বাচন তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে দেশটির রাজধানী কায়রোসহ আরো কয়েকটি এলাকায় ভোট গ্রহণ করা হয়। দেশের বাকি অংশে আগামী তিন মাসের মধ্যে বাকি দুই পর্বের ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি ও তাদের প্রতিদ্বন্দ্বী অতিরক্ষণশীল সালাফিপন্থী আল নূর পার্টি নিজেদের জয়ী বলে দাবী করেছে। এর আগে ‘আরব বসন্ত’ প্রভাবিত অপর দুটি উত্তর আফ্রিকান আরব দেশ তিউনিসিয়া ও মরক্কোর নির্বাচনে উদারপন্থী ইসলামি দল জয়ী হয়েছে।

প্রধান নির্বাচনী কর্মকর্তা ময়েজ ইব্রাহিম জানান, প্রথম পর্বের নির্বাচনে নির্বাচনী এলাকার মোট ১ কোটি ৩৬ লাখ ভোটারের মধ্যে ৮৩ লাখ ভোটার ভোট দিয়েছে।

নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উল্লসিত হয়ে কৌতুক করে তিনি বলেন, “ফরাওদের আমল থেকে এ পর্যন্ত মিশরের কোনো নির্বাচনে এ পরিমাণ ভোট পড়েনি।”

এসময় তিনি মুবারকবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নিহত ৮৫০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন ও স্বাধীনতার বৃক্ষে শহীদের রক্ত জল দিচ্ছে, আমরা সেই গাছের প্রথম ফল পেতে যাচ্ছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৯ ঘ.