২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান জাতিসংঘের

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সহিংসতা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় ‘জরুরি’ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

জেনেভা, ০২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সহিংসতা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় ‘জরুরি’ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই। এর আগে লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় সেখানে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। সে আহ্বানে সাড়া দিয়ে এক পর্যায়ে লিবিয়ায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো শুরু করে পশ্চিমা যৌথবাহিনী। শুক্রবার সিরিয়া নিয়ে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক জরুরি বৈঠকে নাভি পিল্লাই বলেন, গত মার্চ থেকে সিরিয়ায় সেনাবাহিনীর দমনাভিযানে ৩০৭ জন শিশুসহ চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া ১৪ হাজারের বেশি মানুষকে বন্দি করা হয়েছে বলে তারা মনে করেন। তিনি বলেন, “সিরীয় কর্তৃপক্ষ ‘অমানবিক অত্যাচার’ চালিয়ে যাচ্ছে। এটা এখন বন্ধ না করা গেলে দেশটিতে পুরোপুরি গৃহযুদ্ধ শুরু হতে পারে। সিরিয়ার নাগরিকদের রক্ষায় সেদেশের কর্তৃপক্ষের ব্যর্থতার প্রেক্ষিতে সেখানকার সাধারণ মানুষকে রক্ষায় আন্তর্জাতিক স¤প্রদায়ের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” “সব ধরনের হত্যা, নির্যাতন ও অন্যান্য সহিংসতা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে”, যোগ করেন তিনি। পিল্লাই বলেন, “আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রয়োজনীয়তা আজ অতি জরুরি হয়ে পড়েছে।” তিনি বলেন, সিরিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল- আসাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে পাঠাতে গত অগাস্টে তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। কিন্তু ন্যাটোর বিমান হামলার পাশাপাশি ‘বিদ্রোহী’ সেনাদের লড়াইয়ের এক পর্যায়ে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ হারানো গাদ্দাফি গত ২০ অক্টোবর নিজ জন্মশহর সিরতেয় বিরোধী যোদ্ধাদের গুলিতে নিহত হন। সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর সরকারি বাহিনীর দমনপীড়ন নিয়ে গত সোমবার জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, সরকারবিরোধী আন্দোলন দমনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী শিশুসহ বেসামরিক জনগণকে হত্যা, নির্যাতন ও যৌন হয়রানি করছে। ওই প্রতিবেদন নিয়ে শুক্রবার এ বিশেষ অধিবেশনে বসে ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার কমিশন। সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর দমনাভিযান বন্ধে চাপ প্রয়োগের জন্য বৃহস্পতিবার দেশটির ওপর নিষেধাজ্ঞা জোরালো করে ইউরোপীয় ইউনিয়ন। তারা গ্যাস ও তেল শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আরব লিগও দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২২৮ ঘ.