২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা হলেই পাল্টা গুলি: কায়ানি

ন্যাটো বাহিনী ফের হামলা চালালে সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালানোর জন্য পাকিস্তানি সেনাদের অনুমতি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটো বাহিনী ফের হামলা চালালে সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালানোর জন্য পাকিস্তানি সেনাদের অনুমতি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি। গত ২৬ নভেম্বর আফগানিস্তানের সীমান্তবর্তী একটি তল্লাসি চৌকিতে ন্যাটোর বিমান হামলায় ২৪ সেনা সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিলেন তিনি। শুক্রবার আফগান সীমান্তবর্তী সেনা ইউনিটগুলোতে দায়িত্বপ্রাপ্ত কমান্ডারদের প্রতি এক ঘোষণায় কায়ানি বলেন, “যে কোনো হামলার ক্ষেত্রে হাতের কাছে থাকা সব সম্পদের ব্যবহার করে তার জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা আপনাদের রয়েছে। এজন্য আপনাদের কোনো অনুমতির প্রয়োজন হবে না।” পাকিস্তানের এক সেনা কর্মকর্তা এর ব্যাখ্যা দিয়ে বলেন, এর মাধম্যে জঙ্গি তৎপরতা বন্ধে পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নিয়োজিত পাকিস্তানি সেনাদের কার্যবিধিতে পরিবর্তন আনা হয়েছে। নাম প্রকাশ না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “অতীতে আমরা শুধু নিজেদের রক্ষা ও জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।” “আমরা আমাদের সেনা তল্লাসি চৌকিগুলোকে হামলার জবাব দেওয়ার সুযোগ বাড়িয়েছি। তারা আক্রান্ত হলে পাল্টা হামলা চালাবে কি না তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা করতে হবে না।” গত ২৬ নভেম্বর পাকিস্তানের মোহমান্দের বাইজাই এলাকার সালালা তল্লাশি চৌকিতে আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ে নিয়োজিত ন্যাটোর হেলিকপ্টার হামলায় দুইজন সেনা কর্মকর্তাসহ ২৮ সেনা সদস্য নিহত হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টা পর ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের কয়েকটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে পাকিস্তান। গত ২ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে আল- কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়া নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন দেখা দেয় তা এখনো চলছে। তার মধ্যেই ন্যাটোর হামলায় সেনা সদস্য নিহত হওয়ায় ফুঁসে ওঠে পাকিস্তানিরা। তখন থেকে দেশের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোবিরোধী বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিজেদের অংশগ্রহণও পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ওয়াশিংটনের সঙ্গে গাটছড়া বাঁধে ইসলামাবাদ। তখন থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল অঙ্কের সামরিক সহায়তা পাচ্ছে দেশটি। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধেই আফগানিস্তানে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে নানা মহল থেকে। এ নিয়ে দুদেশের সম্পর্কে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। সে অবস্থার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের এ ধরনের ঘোষণা এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০০৯ ঘ.