২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশাবাদী সু চি

মিয়ানমারে রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, এতে করে তার দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ইয়াংগুন, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, এতে করে তার দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। শুক্রবার সকালে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক শেষে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চির সঙ্গে এ বৈঠকের মধ্য দিয়ে ঐতিহাসিক মিয়ানমার সফরের ইতি টানেন হিলারি। বুধবার মিয়ানমারে পৌঁছানোর পর বৃহস্পতিবার ইয়াংগুনে সু চির বাড়িতে একান্তে নৈশভোজে অংশ নেন হিলারি। দুই নেতার মধ্যে এটাই ছিল প্রথম সাক্ষাৎ। গত পাঁচ দশকে মিয়ানমারে এটাই কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সু চি বলেন, “আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারলে গণতন্ত্রের পথ থেকে ফিরতে হবে না বলে আমি বিশ্বাস করি। এখনো আমরা সে পথে নেই। কিন্তু আমাদের বন্ধুদের সহযোগিতায় সম্ভাব্য সবচেয়ে কম সময়ে সে পথে যাবো বলে আমরা আশাবাদী।” তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) পুনরায় নিবন্ধনের সুযোগ দেওয়ায় মিয়ানমারের নতুন সরকারের প্রশংসা করেন সু চি। তবে যতো দ্রুত সম্ভব রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেন তিনি। শুক্রবার সু চির ইয়াংগুনের বাড়িতে এই বৈঠকে নাগরিক অধিকার ও গণতন্ত্রের বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেত্রী। সামরিক জান্তার শাসনের অবসান এবং গণতন্ত্রের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে মিয়ানমারের অবিসংবাদিত নেতায় পরিণত সহওয়া সু চির দীর্ঘদিন বন্দি জীবন কেটেছে এই বাড়িতেই। গত বছর নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার আগে প্রায় ১৪ বছর বন্দি জীবন কাটান তিনি। বৃহস্পতিবার ডিনারের আগে সু চির বাড়ির সামনে তার কর্মী ও সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে হিলারি বলেন, “আপনাকে ঘিরে এই যে এতোগুলো নিবেদিতপ্রাণ মানুষের উপস্থিতি- এর গুরুত্ব আমি বুঝি। এখানেই পার্থক্যটা প্রমাণ হয়ে যায়।” সু চি তার মার্কিন অতিথিকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যাওয়ার সময় হিলারি বলেন- “আপনার বাড়িটা দারুণ”। বিভিন্ন সময়ে সু চিকে নিজের রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন হিলারি। বিশ্লেষকরা বলছেন, হিলারি ক্লিনটনের এই সফরের মধ্য দিয়ে মিয়ানমার-যুক্তরাষ্ট্র সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বুধবার রাজধানী নিপিধোতে প্রেসিডেন্ট থিন সেইনের সঙ্গে বৈঠক করেন হিলারি। তিনি ইংগিত দেন, মিয়ানমার রাজবন্দিদের মুক্তি দেওয়াসহ সহিংসতা বন্ধের যেসব উদ্যোগ নিয়েছে তা আরো স¤প্রসারণ করা হলে ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও উন্নতি হবে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, মিয়ানমারকে আরো বেশি সংস্কার আনতে হবে। বাতিল করতে হবে উত্তর কোরিয়ার সঙ্গে গোপন সামরিক চুক্তি। বিনিময়ে মিয়ানমারের সঙ্গে বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহযোগিতা স¤প্রসারণের পথে যুক্তরাষ্ট্র আর বাধা হয়ে দাঁড়াবে না। তাছাড়া মিয়ানমারে মাদক-বিরোধী কর্মসূচি এবং জাতিসংঘের স্বাস্থ্য কর্মসূচিতেও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। চলতি বছর দেশের বেশ কিছু রাজবন্দিকে মুক্তি দেওয়াসহ গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চিকে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দেয় মিয়ানমার সরকার। দেশটি দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে থাকলেও গত নভেম্বরে নির্বাচনের মাধ্যমে সেনা সমর্থিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৭০৩ ঘ.