ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘সিক্রেট পাকিস্তান’ নামে দুই পর্বের একটি প্রামাণ্যচিত্র প্রচারের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্যাবল অপারেটররা দেশটিতে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, ওই প্রামাণ্য চিত্রটিতে মার্কিন গোয়েন্দারা অভিযোগ করেন, গোপনে তালেবান জঙ্গিদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দিলেও জনসমক্ষে যুক্তরাষ্ট্রে বন্ধু হওয়ার ভান করছে পাকিস্তান।
পাকিস্তানের সরকারের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি পাকিস্তান সরকার ও বিবিসি’র বিষয়। বিবিসি তাদের সম্পাদকীয় নীতির ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। আর তাই তাদের বিরুদ্ধে সরাসরি যে কোনো ধরনের অভিযোগ করা যেতে পারে।
লন্ডনে পাকিস্তানের দূতাবাসের এক মুখপাত্র জানান, শুধু বিবিসি ওয়ার্ল্ড নিউজ নয় বরং ন্যাটোর বিমান হামলার প্রতিবাদে আন্তর্জাতিক সব সংবাদ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে অল পাকিস্তান ক্যাবল অপারেটস অ্যাসোসিয়েশন (এপিসিওএ)।
তিনি এপিসিওএ কে একটি ‘বেসরকারি প্রতিষ্ঠান’ হিসেবে বর্ণনা করেন।
এদিকে সেন্সরশিপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চ্যানেলটি দ্রুত সম্প্রচারের আহ্বান জানিয়েছে বিবিসি।
তারা জানায়, আমাদের সম্পাদকীয় স্বাধীনতাকে হুমকি দেয় এবং পক্ষপাতহীন আন্তর্জাতিক সংবাদ সেবা থেকে দর্শকদের বঞ্চিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৪
bdnews24