লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তেহরানের ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভ, ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে লন্ডনে ইরানের দূতাবাস বন্ধ করে দিয়ে সব ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বুধবার অবিলম্বে লন্ডনের ইরানি দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়ার কথা জানান।
পার্লামেন্টে তিনি বলেন, “লন্ডনে ইরানের দূতাবাসকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আমরা চাই দূতাবাস অবিলম্বে বন্ধ হোক এবং সব ইরানি কূটনীতিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্য ছাড়তে হবে।”
তেহরানে ব্রিটিশ দূতাবাস ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু সময়ের মধ্যেই সব স্টাফদের সরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান হেগ।
তিনি বলেন, যুক্তরাজ্যের শেষ দূতাবাস কর্মচারীটিও এরই মধ্যে ইরান ছেড়েছে। তাছাড়া, ইরানি রাষ্ট্রদূতদেরও ইউরোপের বিভিন্ন দেশে ডেকে ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ব্রিটেন গত সপ্তাহে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির সঙ্গে সম্পর্ক হ্রাসের সিদ্ধান্ত নেয় তেহরান।
এরপর বিক্ষুব্ধ ইরানিরা মঙ্গলবার তেহরানের ব্রিটিশ দূতাবাসে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এ ঘটনারই ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লন্ডনে ইরানি দূতাবাস বন্ধ করলো যুক্তরাজ্য।
বুধবার এমপি’দের সামনে ভাষণে উইলিয়াম হেগ বলেন, “কোনো দেশ আমাদেরকে তাদের মাটিতে কাজ চালানো অসম্ভব করে তুললে তারাও এখানকার দূতাবাসে তাদের কাজ চালানোর আশা করতে পারে না।”
তেহরানের ব্রিটিশ দূতাবাস এবং অন্য একাটি কূটনৈতিক কম্পাউন্ডে হামলার ঘটনায় কোনো না কোনোভাবে ইরানি শাসগোষ্ঠীর সায় থাকার সন্দেহও প্রকাশ করেছেন হেগ।
তিনি বলেন, ইরান এবং যুক্তরাজ্যের সম্পর্ক এ মুহূর্তে একেবারে তলানিতে এসে ঠেকেছে। তবে তা সত্ত্বেও তেহরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছে না যুক্তরাজ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৪ঘ.
bdnews24