২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর হামলা বেপরোয়া আগ্রাসন: পাকিস্তান

পাকিস্তান সীমান্তে ন্যাটোর হামলাকে উদ্দেশ্যমূলক ‘বেপরোয়া আগ্রাসন’ বলে অভিহিত করেছেন পাকিস্তান সেনাবাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা। গত শুক্রবার গভীর রাতের ওই হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ইসলামাবাদ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সীমান্তে ন্যাটোর হামলাকে উদ্দেশ্যমূলক ‘বেপরোয়া আগ্রাসন’ বলে অভিহিত করেছেন পাকিস্তান সেনাবাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা। গত শুক্রবার গভীর রাতের ওই হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়। বুধবার প্রকাশিত পাকিস্তানের স্থানীয় পত্রিকাগুলোর সম্পাদকদের উদ্দেশ্যে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ অভিযোগ করেন মেজর জেনারেল ইসফাক নাদিম। তিনি পাকিস্তান সেনাবাহিনীর সেনাঅভিযান বিভাগের মহাপরিচালক। বিবৃতিতে তিনি বলেন, ন্যাটো সেনারা জানতো তারা পাকিস্তানি সেনা অবস্থানে হামলা চালাচ্ছে, তারপরও তারা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে। “মানচিত্রসহ আক্রান্ত ওই সামরিক অবস্থানের বিস্তারিত তথ্য আইএসএএফ (ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসন্ট্যান্স ফোর্স)’র কাছে ছিলো, তাই আমাদের সেনা অবস্থান সম্পর্কে তাদের কিছু জানা না থাকাটা অসম্ভব,” বলেন তিনি। মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরে সম্পাদকদের উপস্থিতিতে তিনি বিবৃতিটি পড়ে শোনান। গত শুক্রবার রাত ২টার দিকে ন্যাটো হেলিকপ্টার ও যুদ্ধবিমান পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগান সীমান্তে দুটি পাকিস্তানি সীমান্ত চৌকিতে হামলা চালায়। শুক্রবার মধ্যরাতের ১৫-২০ মিনিট পর ন্যাটোর কয়েকটি হেলিকপ্টার পাকিস্তানের ওই সীমান্ত চৌকিদুটির কাছে গিয়ে গুলিবর্ষণ শুরু করে। তারা ৪৫ মিনিট ধরে সেখানে হামলা চালিয়ে চলে যায়। তারপর রাত সোয়া একটার দিকে আবার ফিরে এসে এক ঘন্টা ধরে প্রচন্ড হামলা চালায় বলে জানান জেনারেল নাদিম। তিনি জানান, প্রথম হামলার কয়েক মিনিট আগে আফগানিস্তানের এক সেনাযোগাযোগ কেন্দ্রে কর্মরত যুক্তরাষ্ট্র সেনবাহিনীর এক সার্জেন্ট পাকিস্তানি এক মেজরকে জানান, ন্যাটোর বিশেষ বাহিনীর দিকে পাকিস্তানের ওই দুই সীমান্ত চৌকির ১৫ কিলোমিটার দূর থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। জেনারেল নাদিম দাবি করেন, ওই অভিযোগ যাচাই করে দেখতে এবং বিষয়টি সমন্বয় করতে তাদের কিছু সময় প্রয়োজন ছিলো। কিন্তু এর মাত্র সাত মিনিট পরই ওই সার্জেন্ট জানান, “তোমাদের ভলকানো চৌকিতে হামলা চালানো হয়েছে।” উপসংহারে জেনারেল নাদিম দাবি করেন, “উল্লেখিত যোগাযোগ থেকেই এটা নিশ্চিত হওয়া যায় যে হামলার আগেই ন্যাটো পাকিস্তানি সেনা আবস্থান সম্পর্কে জানতো।” মেজর জেনারেল নাদিমের এ বিবৃতিতে হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর কঠোর মনোভাবই প্রকাশ পেল বলে বিশ্লেষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৫ঘ.