কায়রো, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে মুবারক-পরবর্তী প্রথম নির্বাচনে ভালো ফলের আশা করছে ইসলামিক দলগুলো।
মিশরের সুসংগঠিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, ভোটে তাদের রাজনৈতিক দল দি ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (এফজেপি) এ পর্যন্ত ভাল করছে।
এফজেপি দলের জ্যেষ্ঠ নেতা মোহামেদ এল-বেলতাগি রয়টার্সকে বলেছেন, “ব্রাদারহুড দল পার্লামেন্টের ৩০ শতাংশ আসনে জয় পাবে বলে আশাবাদী।”
এফজেপি দলের জ্যেষ্ঠ নেতা মোহামেদ এল-বেলতাগি রয়টার্সকে বলেছেন, “ব্রাদারহুড দল পার্লামেন্টের ৩০ শতাংশ আসনে জয় পাবে বলে আশাবাদী।”
সালাফি ইসলামিস্ট আল-নূর পার্টির এমাদ আবদেল গফুর সারা দেশে তার দলের তেমন বিস্তার এবং অভিজ্ঞতা নেই বলে স্বীকার করলেও নির্বাচনে অনেকটাই ভালো ফল করার আশা প্রকাশ করেন।
আল-নূর পার্টির ঘাঁটি উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ায় তিনি বলেন, পার্লামেন্টে এ শহরের ২৪ আসনের অর্ধেকই জিতে নেবে তার দল।
আর পার্লামেন্টের মোট ৪৯৮ আসনের মধ্যে সারা দেশ থেকে আল নূর পার্টি ৭০ থেকে ৭৫ টি আসন লাভ করবে বলে আশা করছেন তিনি।
তবে উদারপন্থী ইসলামিক দল ওয়াসাত পার্টিও প্রধান আবু এলেমা মাদি নির্বাচনের ফল নিয়ে কোন মন্তব্য করেন নি। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছেন।
নির্বাচনে ভোটারদের উপচে পড়া ভিড় থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রে প্রচুর ভোটারের উপস্থিতি নির্বাচন নিয়ে সব শঙ্কা দূর করে দিয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ হয়েছে সোমবার।
নির্বাচনে ইসলামিক দলগুলো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই ধারণা করছে পর্যবেক্ষক মহল। এর মাধ্যমে ক্ষমতাসীন সেনা পরিষদের হাত থেকে মিশরের ক্ষমতা ইসলাম ধর্মীয় রাজনৈতিক দলগুলোর হাতে চলে যেতে পারে।
মুবারকের গত ত্রিশ বছরের শাসনামলে ধর্মীয় রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল।
মিশরের ক্ষমতা এখনো সেনা পরিষদের হাতে থাকলেও নির্বাচিত পার্লামেন্ট মুবারকের আমলের মতো সেনা পরিষদের তল্পিবাহক হবে না বলেই ধারণা করা হচ্ছে।
“রাজনৈতিক শক্তিগুলোর হাতেই ক্ষমতার লাগাম চলে যাবে। রাজনীতির আসল নিয়ন্ত্রণ পার্লামেন্টের হাতেই থাকবে,” বলেন দিয়া রশওয়ান নামের মিশরীয় রাজনীতির এক বিশ্লেষক।
নির্বাচনে ভালো করার বিষয়ে মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামপন্থি রাজনৈতিক দলগুলো আশাবাদী হলেও নির্বাচন পদ্ধতির কারণে ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা কঠিন।
নির্বাচিত পার্লামেন্ট সেনা পরিষদের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এরমধ্যেই সেনা পরিষদের জেনারেলরা তরুণ মিশরীয়দের চাপের মধ্যে আছেন। নির্বাচন সত্বেও সেনা পরিষদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন অব্যাহত রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/২২০২ঘ.
bdnews24