প্যারিস, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইউরোজোনের ঋণ সঙ্কট। পরিস্থিতির বিচারে ইউরোজোনের ভেঙে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
‘অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট’ (ওইসিডি) সোমবার এ সতর্কবার্তা দিয়েছে। যুক্তরাজ্য এবং ইউরোজোন অর্থনৈতিক মন্দার মুখে বলেও সতর্ক করেছে সংগঠনটি।
ইউরোজোনে ইতোমধ্যেই হালকা মন্দাভাব দেখা দিয়েছে। কিন্তু নীতি নির্ধারকরা চূড়ান্ত ব্যবস্থা না নিলে অবস্থা আরো খারাপ হবে বলে জানিয়েছে ওইসিডি।
তাদের হিসাবমতে, যুক্তরাজ্যের অর্থনীতি আগামী বছরের প্রথম ও শেষ তিন মাসে ০ দশমিক ০২ এবং ০ দশমিক ১৪ শতাংশ সঙ্কুচিত হতে পারে।
আর ইউরোজোনের অর্থনীতি বছরের এ সময়টিতে ১ শতাংশ এবং আগামী বছর একই সময়ে ০ দশমিক ৪ শতাংশ সঙ্কুচিত হতে পারে।
অন্যদিকে, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর কমে দাঁড়াতে পারে ৩ দশমিক ৮ শতাংশ এবং আগামী বছরে ৩ দশমিক ৪ শতাংশে।
ইউরোজোনের ঋণ সঙ্কটের সুরাহা না হলে অর্থনীতিতে বিপর্যয়কর মন্দা দেখা দেওয়ার আশঙ্কা আছে বলে সতর্ক করেছে ওইসিডি।
তারা এও বলেছে যে, ইউরোজোনের ‘নেতিবাচক পরিস্থিতি’ বিশ্বে অর্থনৈতিক অনগ্রসরতার কারণ হয়ে দাঁড়াতে পারে।
উল্লেখ্য, ওইসিডি যুক্তরাষ্ট্র ও জাপানসহ ইউরোজনের সমৃদ্ধশালী রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৮ঘ.
bdnews24