ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে হামলার তিন বছর পেরিয়ে গেলও এখনও সাজা হয়নি হামলাকারী পাকিস্তানি নাগরিক আজমল আমির কাসাবের। তিন বছর আগের ওই দিনটির বিভিষিকা এখনও হানা দেয় হামলা থেকে বেঁচে যাওয়া মানুষদের মনে।
শনিবার মুম্বাই হামলার তিন বছর পূর্ণ হয়েছে। ২০০৮ সালের ২৬-২৯ নভেম্বর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের আটটি স্থানে ভয়াবহ গুলি ও বোমা হামলা চালায় আত্মঘাতী পাকিস্তানি হামলাকারীরা।
চারদিন ধরে চলা ওই হামলায় ১৬৪ জন নিহত ও অন্তত ৩০৮ জন আহত হয়। হামলাকারী ১০ পাকিস্তানি জঙ্গির মধ্যে একমাত্র কাসাবই আহত অবস্থায় গ্রেপ্তার হয়। বাকিরা নিহত হয়।
ভারতে সবচেয়ে বড় এ সন্ত্রাসী হামলার ঘটনায় বিশেষ সন্ত্রাসদমন আদালত কাসাবকে মৃত্যুদন্ড দিলেও এখনও তা কার্যকর হয়নি। মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে একটি বিশেষ সেলে রাখা হয়েছে কাসাবকে। ৫ কোটি ২৪ লাখ রুপি খরচে এই বিশেষ সেলটি তৈরি করা হয়েছে বলে এনডিটিভি জানায়।
এদিকে কাসাবের বিচার কার্যকরের অপেক্ষায় রয়েছে হামলার শিকার ও স্বজনহারানো মানুষেরা।
মুম্বাই হামলার শিকার ও ঘটনার সবচেয়ে কম বয়সী সাক্ষী দেবিকা রতওয়া (১৩) বলেন, “এখনও কাসাবকে মৃত্যুদন্ড দেওয়া হচ্ছে না কেন ? আমরা কি নতুন কোনো ২৬/১১ ঘটনার জন্য অপেক্ষা করছি ? সরকার কেন যথাযথ দায়িত্ব পালন করছে না? কাসাব সম্পর্কে কোনো কিছু পড়লে আমি উত্তেজিত হয়ে উঠি।”
২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে বাবা ও ভাইয়ের সঙ্গে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলো দেবিকা। এমন সময় দুইজন হামলাকারী সেখানে গুলি ও বোমা হামলা চালাতে শুরু করে। তখন পায়ে গুলি লেগে আহত হয় সে।
তারপর দীর্ঘ সময় তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়।
ওই ঘটনার আর এক শিকার কল্পনা শাহ। ওবেরয় হোটেলে হামলায় তার স্বামী পঙ্কজ নিহত হয়।
তিনি বলেন, “প্রতিদিন আমি আমার স্বামীর অভাব অনুভব করি। সারাজীবন আমি তার অভাব অনুভব করব।”
“তিন বছর হয়ে গেছে। ন্যায়বিচার এখনও কার্যকর হয়নি। কাসাব বেঁচে রয়েছে। এতে ন্যয়বিচার যেমন বিঘিœত হচ্ছে, তার পেছনে প্রচুর অর্থেরও অপব্যয় হচ্ছে।”
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এবি/সিআর/১৫৫০ ঘ.
bdnews24