২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এনার্জি ড্রিঙ্ক পানকারীদের ভিড় বাড়ছে হাসপাতালে’

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর জরুরি বিভাগে এনার্জি ড্রিঙ্ক পানের সঙ্গে সম্পর্কিত অসুস্থতা নিয়ে আসা রোগীদের সংখ্যা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 04:21 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

শিকাগো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর জরুরি বিভাগে এনার্জি ড্রিঙ্ক পানের সঙ্গে সম্পর্কিত অসুস্থতা নিয়ে আসা রোগীদের সংখ্যা বেড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দি সাবস্ট্যান্স অ্যাবিউস অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ২০০৫ সাল থেকে ২০০৯ সালের মধ্যে অন্যান্য অ্যালকোহল জাতীয় পানীয় বা মাদকের সঙ্গে অথবা ওষুধ হিসেবে গ্রহণ করা এনার্জি ড্রিঙ্ক পানে অসুস্থতা নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ হয়েছে। ২০০৫ সালে এ ধরনের রোগীর সংখ্যা ছিলো ১ হাজার ১২৮ জন। সর্বশেষ ২০০৯ সালে পাওয়া হিসেবে দেখা যায়, এ সংখ্যা ১৩ হাজার ১১৪ জনে এসে দাঁড়িয়েছে। এ সংখ্যা জরুরি বিভাগে আসা রোগীদের মোট সংখ্যার প্রায় ৪৪ শতাংশ। এদের মধ্যে ১৮ থেকে ৩৯ বছর বয়সী পুরুষদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংস্থাটি। তবে এসব রোগীরা কী ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন তা জানাননি এর গবেষকরা। গবেষকরা জানান, অতিরিক্ত এনার্জি ড্রিঙ্ক পানের প্রতিক্রিয়ায় হাইপারটেনশন, পানি শূন্যতা ও অনিয়মিত হৃদস্পন্দন প্রভৃতি জটিলতা দেখা দিতে পারে। তারা আরো বলেন, অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে এনার্জি ড্রিঙ্ক পানে প্রাণঘাতী আঘাতের ঝুঁকি, অথবা ঝুঁকিপূর্ণ আচরণ, যেমন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো প্রভৃতির আশঙ্কা বাড়ে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এ প্রতিবেদনের তাৎক্ষণিক বিরোধিতা করেছে। আমেরিকান বেভারেজ অ্যাসোসিয়েশন বলছে, হাসপাতালে আসা রোগীরা এনার্জি ড্রিঙ্কের সঙ্গে অ্যালকোহল জাতীয় পানীয় বা মাদক বা ওষুধ গ্রহণ করে থাকে। এর ফলে অসুস্থতার জন্য এনার্জি ড্রিঙ্ককে দায়ী করা অপ্রাসঙ্গিক। বেশিরভাগ জনপ্রিয় এনার্জি ড্রিঙ্কে এক কাপ কফিতে থাকা ক্যাফেইনের অর্ধেক পরিমাণ ক্যাফেইন থাকে বলে জানায় সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১০১৬ ঘ.