২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নতুন করে গণবিক্ষোভ

মিশরে নির্বাচনের আগেই সামরিক শাসকদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি আদায়ের শেষ চেষ্টায় কায়রোয় নতুন করে গণবিক্ষোভে জড়ো হয়েছে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

কায়রো, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে নির্বাচনের আগেই সামরিক শাসকদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি আদায়ের শেষ চেষ্টায় কায়রোয় নতুন করে গণবিক্ষোভে জড়ো হয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভের কেন্দ্রস্থল কায়রোর তাহরির স্কয়ারে লাখো মানুষের ঢল নেমেছে। তারা চায় আগামী সোমবার অনুষ্ঠেয় নির্বাচন পেছানো হোক। মিশরের সেনাবাহিনী নির্বাচন দিয়ে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্র“তি দিলেও অনেকেরই আশঙ্কা এর মধ্য দিয়ে তারা ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা নেবে। সেকারণেই পার্লামেন্ট নির্বাচনের আগে সামরিক শাসনের অবসান চাইছে মিশরীয়রা। তাছাড়া, সামরিক শাসকরা সত্তরোর্ধ কামাল গানজুরিকে নতুন প্রধানমন্ত্রী করার কারণেও অনেকেই বিশেষত, তরুণরা ক্ষুব্ধ। ফলে গানজুরিকে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শুক্রবার জুমার নামাজের পর বড় ধরনের বিক্ষোভে সমবেত হয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভ কর্মসূচির আয়োজকরা দিনটিকে বলছেন, ‘শেষ সুযোগের শুক্রবার’। যে দিনে জনতার দাবি অবিলম্বে ক্ষমতা হস্তান্তর। কায়রোয় জুমার নামাজে মসজিদের ইমাম সামরিক শাসকদের ইতোমধ্যেই ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে বলেছেন, এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা তাহরির স্কয়ার ছেড়ে যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১৭ঘ.