২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে মাওবাদী নেতা কিষেণজি নিহত

ভারতে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেণজি যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 03:35 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেণজি যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের বুড়িশোল জঙ্গলে যৌথ বাহিনীর ওই অভিযানে কিষেণজি ছাড়াও তার তিন সহযোগী নিহত হন। পুলিশ দাবি করেছে, ঘটনাস্থলে মৃতদেহের পাশ থেকে একটি এ কে ৪৭ রাইফেল এবং একটি শ্রবণযন্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো কিষেণজির বলেই পুলিশের ধারণা। রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিং সাংবাদিকদের বলেন, ‘লাশটি দেখে মনে হচ্ছে কিষেণজিরই।” ৫৫ বছর বয়সী কিষেণজির আসল নাম মোল্লাজুলা কোটেশ্বর রাও। তিনি মাওবাদী কমিনিউস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং সামরিক শাখা পিপলস লিবারেশন গেরিলা বাহিনীর প্রধান ছিলেন৻ পুলিশ বলছে, কিষেণজি আত্মগোপন করে আছেন এমন খবর পেয়ে বুধবার থেকেই ঝাড়গ্রামের জঙ্গলগুলোতে তল্লাশি শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাটি। ঝাড়খণ্ড পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রায় ৯০০ সদস্য ওই অভিযানে অংশ নেয়। বৃহস্পতিবার দুপুরের পর বুড়িশোল জঙ্গলে মাওবাদীরা গুলি চালালে দুই পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা গুলি বিনিময়ে নিহত হন কিষেণজি ও তার তিন সঙ্গী। তার নিহত হওয়ার খবরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বুধবার রাত পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে মাওবাদীরা প্রতিশোধ নেওয়ার জন্য হামলা চালাতে পারে এই আশঙ্কায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯১০ ঘ.