২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয় মেটাতে আফগানিস্তানের বছরে ৭শ’ কোটি ডলার লাগবে

আফগানিস্তান থেকে ন্যাটো সেনারা চলে যাওয়ার পরও নিরাপত্তাসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য দেশটির বছরে প্রায় ৭শ’ কোটি মার্কিন ডলার বিদেশি সহায়তা প্রয়োজন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 08:45 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

কাবুল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান থেকে ন্যাটো সেনারা চলে যাওয়ার পরও নিরাপত্তাসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য দেশটির বছরে প্রায় ৭শ’ কোটি মার্কিন ডলার বিদেশি সহায়তা প্রয়োজন হবে। বিশ্বব্যাংকের ‘ট্রানজিশন ইন আফগানিস্তান: লুকিং বিয়ন্ড ২০১৪’ নামের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আফগানিস্তানের দুটি প্রধান খনি পরিকল্পনা অনুযায়ী উৎপাদন শুরু করলেও এ সহায়তা প্রয়োজন হবে। তবে ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের পরও আফগান সেনাদের সহযোগিতা ও প্রশিক্ষণের জন্য রয়ে যাওয়া কয়েক হাজার সম্ভাব্য বিদেশি সেনার খরচ এতে ধরা হয়নি। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের ২০১৪ সালে প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে। আফগান সরকারের সংগৃহীত অর্থ এবং তালেবানবিরোধী লড়াইয়ে খরচ হওয়া অর্থের পার্থক্য দেশটির ২০২১ সালের জাতীয় আয়ের এক চতুর্থাংশ হবে বলেও এতে বলা হয়েছে। তবে দেশটির কৃষিক্ষেত্রে উন্নয়ন, তামা ও লোহার বড় বড় দুটি খনি চালু এবং কর বাড়ানোর সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার বড় কোনো অবনতি না হওয়ায় একটি আশাবাদী চিত্রও দেখা যাচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এসব কিছুরই নিশ্চয়তা নেই। এগুলো ছাড়া উৎপাদন আরো ধীর হবে এবং অর্থের মধ্যে তারতম্যও বাড়বে। আফগানিস্তানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জোসেফিন ব্যাসিনেট বলেন, “আমাদের খেয়াল রাখতে হবে যে, আফগানিস্তানে জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৮ শতাংশ। আর যদি ধরি আফগানিস্তানের প্রবৃদ্ধি ৬ শতাংশ তবে দেশটিতে মাথাপিছু আয় দ্বিগুণ হতে প্রায় এক প্রজন্ম লেগে যাবে।” বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী, ২০১০ সালে ‘অফ বাজেট’ হিসেবে আফগানিস্তান ৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পেয়েছিল। এর প্রায় এক চতুর্থাংশই দেশীয় অর্থনীতির জন্য ব্যয় হয়। বাকিটা ব্যয় হয়েছে পণ্য ও সেবা আমদানি বা মুনাফা হিসেবে দেশে পাঠানোর মতো খাতে। একইসঙ্গে নির্দিষ্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও তারতম্য ৭শ’ কোটি মার্কিন ডলার হবে বলে বিশ্বব্যাংক ভবিষ্যদ্বাণী করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানে মাথাপিছু বার্ষিক আয় মাত্র ৫২৮ ডলার। সেইসঙ্গে ন্যাটো অন্তর্ভূক্ত দেশগুলো অর্থ ও উন্নয়ন কর্মসূচীতে সহায়তা করায় গত দশকে দেশটির বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৯ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে এ পর্যায়ে বিদেশি সহায়তা না পেলে আফগানিস্তানের অর্থ-বাণিজ্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। গত বছর আফগানিস্তানের বিদেশি সহায়তা ব্যয়ের পরিমাণ ছিল মোট জাতীয় আয়ের সমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমডি/সিআর/১৪৩৯ ঘ.