সানা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেন ক্ষমতা হস্তান্তর চুক্তিতে পৌঁছেছে। এখন চুক্তি সইয়ের পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। বলেছেন, জাতিসংঘ দূত জামাল বেনোমার।
এর আগে তিনবার হওয়া ক্ষমতা হস্তান্তর চুক্তি শেষ মুহূর্তে সই করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ।
এবার ফের চুক্তি হওয়ার কথা জানিয়ে জাতিসংঘ দূত জামাল বেনোমার বলেছেন, “আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। এখন তা সই করানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।”
ইয়েমেনি এক কর্মকর্তা জানান, চুক্তি সইয়ের পথে সবচেয়ে বড় বাধা আসছে সালেহ’র জেনারেল পিপলস কংগ্রেস (জিপিসি) এর ঊর্ধ্বতন রাজনীতিবিদদের কাছ থেকে।
চুক্তিটি সই করানো নিয়ে মঙ্গলবার রাতেই সালেহ’র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বেনোমারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৯ঘ.
bdnews24