মাদ্রিদ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়ানো রাজয়ের নেতৃত্বাধীন মধ্যডানপন্থী পিপলস পার্টি। এ জয়ে দেশের অর্থনৈতিক সঙ্কট সমাধানে আশু ব্যবস্থা নেওয়ার চাপে পড়েছে দলটি।
ঋণ সংকটে জর্জরিত স্পেনে রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিপলস পার্টি।
দেশের অর্থনীতি সামলাতে স্পেনের ভোটাররা নির্বাচনে ক্ষমতাসীন সোস্যালিস্টদের বদলে পিপলস পার্টির রক্ষণশীল সরকারকে ক্ষমতায় আনবে বলে আগেই ধারণা করা হচ্ছিলো।
এখন দলটির জয়ে স্পেনের ম্যারাথন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার আওতায় রাজয়ের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে নিতে ২০ ডিসেম্বর এসে যাবে। কিন্তু দায়িত্ব নিতে সময় লাগলেও জয়ের আনন্দ বেশিদিন উপভোগ করার সময় পাবেন না তিনি।
কয়েকদশকের মধ্যে দেশের সবচেয়ে বাজে অর্থনৈতিক সঙ্কটের অবসান ঘটাতে তাকে খুব শিগগিরই বিস্তারিত কর্মপরিকল্পনা জনস্মুখে প্রকাশ করতে হবে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা নেওয়ার জন্য তার ওপর ইতোমধ্যেই চাপ বাড়ছে।
কয়েক প্রজন্মের মধ্যে স্পেনের অর্থনৈতিক অবস্থা এখন সবচেয়ে নাজুক। ভোটাররা এ অবস্থার জন্য বিদায়ী সোস্যালিস্ট সরকারকেই দায়ী করে আসছিলো। ভোটের মাধ্যমে তারা এর জবাব দিলো।
নির্বাচনে পার্লামেন্টের নিুকক্ষের ৩৫০টি আসনের মধ্যে ১৮৬টি আসন পেয়েছে পিপলস পার্টি। গত তিন দশকের মধ্যে কোনো রাজনৈতিক দলের এটি সবচেয়ে বড় জয়।
বিপরীতে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির আসন সংখ্যা ১৬৯টি থেকে কমে ১১১টিতে নেমে এসেছে। গত সাত বছর ধরে স্পেনের ক্ষমতায় ছিলো সোস্যালিস্টরা।
জনমত জরিপে মারিয়ানো রাজয় ব্রের মধ্যডানপন্থী দল পপুলার পার্টি নিরঙ্কুশভাবে এগিয়ে ছিলো। তাই নির্বাচনে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির ভরাডুবি অপ্রত্যাশিত নয়।
রোববার স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে। স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগুয়েজ জাপাতেরো অর্থনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে নির্বাচন আহ্বান করলেও নির্বাচনে অংশগ্রহণ করেন নি।
ইউরোজোনের ঋণ জর্জরিত দেশ স্পেনে প্রায় ৫০ লাখ কর্মক্ষম মানুষ বেকার। বেকারত্বের হার কমানো ও অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্র“তি দিয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হন রাজয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/২১৩০ ঘ.
bdnews24