কাবুল, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছরের নিরাপত্তা চুক্তি করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রোববার আফগানিস্তানে বিক্ষোভ হয়েছে। জালালবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সহাস্রাধিক ছাত্র।
প্রস্তাবিত ওই চুক্তির আওতায় ২০১৪ সালে বিদেশি সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার পরও আফগানিস্তানে অবস্থান করতে পারবে মার্কিন সেনারা।
আফগানিস্তানের লয়া জির্গার আদিবাসী বায়োজ্যোষ্ঠ নেতারা এ চুক্তির পক্ষে মত দিয়েছেন। তবে তারা এর জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছেন। এ শর্ত মেনে নিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
কিন্তু এ ধরনের কোনোরকম চুক্তির বিরোধিতা করছে আফগানরা। জালালবাদে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তির নিন্দা করেছে। তারা কাবুল অভিমুখী সড়ক বন্ধ করে দেয় এবং 'আমেরিকা নিপাত যাক', 'কারজাই নিপাত যাক' বলে স্লোগান দেয়।
নাগরহার প্রদেশের রাজধানীর বাইরে সমবেত হয়ে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কুশপুত্তলিকা পোড়ায় এবং দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে স্লোগান দেয়।
আফগানিস্তানে এখনো তালেবানদের সক্রিয় উপস্থিতির মুখে অপেক্ষাকৃত দুর্বল সরকার নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি চাইছে।
কিন্তু এর বিরুদ্ধে বিক্ষোভ আফগানিস্তানের প্রকৃত সার্বভৌমত্বের জন্য দেশবাসীর আকাঙ্খারাই প্রতিফলন ঘটাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৫ ঘ.
bdnews24