২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে আরব লিগ

সিরিয়ার শান্তি পরিকল্পনা পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে আরব লিগ। সিরিয়ায় শান্তি ফেরাতে আরব লিগের ৫শ সদস্যের পর্যবেক্ষকদল পাঠানোর প্রস্তাব সংশোধনের দাবি জানিয়েছিলো দামেস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

আম্মান, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার শান্তি পরিকল্পনা পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে আরব লিগ। সিরিয়ায় শান্তি ফেরাতে আরব লিগের ৫শ সদস্যের পর্যবেক্ষকদল পাঠানোর প্রস্তাব সংশোধনের দাবি জানিয়েছিলো দামেস্ক। কিন্তু বিক্ষোভ দমনাভিযান বন্ধে সিরিয়াকে বেঁধে দেওয়া সময়সীমা পেরোনোর পরও রক্তক্ষয় বন্ধ না হওয়ায় আরব লিগ রোববার দামেস্কর সংশোধনী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে দমনাভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ব্রিটেনের 'সানডে টাইমস' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ এ অনড় অবস্থান জানিয়েছেন। এতে আরব লিগের সিরিয়া শন্তি পরিকল্পনা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিরিয়া সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে আরব লিগের পরিকল্পনাই সবচেয়ে ভালো এবং উপযোগী হিসাবে বিশ্বে সমাদৃত হয়েছে। কূটনৈতিক পন্থায় সিরিয়া সঙ্কট সমাধানের পথ খোঁজার চেষ্টা নেওয়া হয়েছে এ পরিকল্পনায়। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সিরিয়া গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলে সতর্ক করার পরিপ্রেক্ষিতে এ পরিকল্পনা নিয়েছে আরব লিগ। কিন্তু আসাদ দমনাভিযান বন্ধ না করার সিদ্ধান্ত জানানোর পর রোববার এক বিবৃতিতে আরব লিগ বলেছে, পর্যবেক্ষক পাঠিয়ে সিরিয়ায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনায় সিরিয়া যে সব সংশোধন এবং কাঁটছাট করার প্রস্তাব দিয়েছে তাতে পরিকল্পনার মূলমন্ত্রই ঠিক থাকে না এবং তা মেনে নিলে পর্যবেক্ষণ মিশনেও আমূল পরিবর্তন ঘটবে। আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি সিরিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে এক চিঠিতে একথা বলেন। সিরিয়া এর আগে নীতিগতভাবে আরব লিগের শান্তি পরিকল্পনা মানতে রাজি বলে জানিয়েছিলো। তবে কয়েকটি খবরে বলা হয়েছিলো দামেস্ক পর্যবেক্ষকের সংখ্যা ৫ শ থেকে ৪০ জনে নামিয়ে আনতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩০ঘ.