লন্ডন, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক 'চাপের' কাছে মাথানত না করে বিক্ষোভ দমনাভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
যুক্তরাজ্যের 'সানডে টাইমস' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, সিরিয়ার স্থিতিশীলতা ও ঐক্য ঝুঁকির মুখে রয়েছে।
তিনি বলেন, "সংঘর্ষ চলবে। বিক্ষোভকারীদের সিরিয়ার বশে আনার চাপও বহাল থাকবে। আমি হলফ করে বলছি, সিরিয়ার ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে তা প্রতিহত করে যাওয়া হবে।"
সংবাদপত্রটির ওয়েব সাইটে আসাদের সাক্ষাৎকারের একটি ভিডিও চিত্র রয়েছে।
এতে আগামী বছর মার্চ অথবা ফেব্র"য়ারিতে সিরিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আসাদ। পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচনের বিধানসহ নতুন সংবিধান প্রণনয়নের জন্য এ নির্বাচন হবে।
আসাদ বলেন, "সংবিধান প্রেসিডেন্ট নির্বাচনের নিয়মকানুন প্রণয়ন করবে, যদি তাদেও প্রেসিডেন্ট দরকার হয় বা তাকে দরকার না হয়। তারা নির্বাচন করাসহ এতে অংশ নিতে পারবে। ভোটের মাধ্যমেই ঠিক হবে কে প্রেসিডেন্ট হবে।"
এর আগে সিরিয়াকে বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান বন্ধের জন্য তিনদিনের সময় বেঁধে দেয় আরব লীগ। তিনদিনের মধ্যে দমনাভিযান বন্ধসহ বিক্ষুব্ধ অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহারসহ শান্তি প্রক্রিয়া না মানলে নিষেধাজ্ঞার হুমকি দেয়া হয়।
কিন্তু এ হুমকির মুখেও সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সিরিয়ায়। প্রতিদিনই সহিংসতায় মরছে মানুষ।
সিরীয় সেনারা অতিমাত্রায় আক্রমণাত্মক কিনা প্রশ্ন করা হলে জবাবে আসাদ বলেন ভুল হয়েছে তবে তা রাষ্ট্রের নয় কিছু ব্যক্তির ভুল। সেইসঙ্গে তিনি আরো বলেন, "রাষ্ট্র হিসেবে জনগণের ওপর ক্রুব্ধ আচরণের কোনো নীতি আমাদের নেই।"
তিনি বলেন, "প্রেসিডেন্ট হিসেবে আমার নিত্যদিনের চাওয়া হচ্ছে কিভাবে কিছু অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তাক্ত সংঘর্ষ বন্ধ করা যায়।
প্রায় আট মাস ধরে সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভ চলছে। চলতি বছর মার্চ থেকে চলা ওই বিক্ষোভে সরকারি বাহিনীর অভিযানে অন্তত সাড়ে তিন হাজার নিহত হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমডি/এলকিউ/১৬৪২ঘ.
bdnews24