জিনতান, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম ন্যায়বিচার পাবেন বলে প্রতিশ্র"তি দিয়েছেন লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আব্দুররহিম আল কিব।
সাইফের আটকের ঘটনাকে গণঅভূত্থানের 'বিজয়মাল্য' বলে এসময় অভিনন্দিত করেন তিনি।
শুক্রবার রাত দেড়টায় লিবিয়ার দক্ষিণাঞ্চলের মরুভূমি থেকে সাইফ আল ইসলামকে কয়েকজন দেহরক্ষীসহ আটক করা হয়। তিনি তখন প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটকের পর সাইফকে নিকটবর্তী জিনতান শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আব্দুররহিম গাদ্দাফির ছেলে সাইফকে আটক করার ঘোষণা দেন।
তিনি বলেন, "বিদ্রোহের অধ্যায় শেষ। ন্যায়বিচার ও আইনের শাসনের জবাবদিহিতামূলক একটি স্বাধীন রাষ্ট্র নির্মাণের ক্ষণ শুরু হলো।"
"আমি আমাদের দেশবাসী ও একইসাথে বিশ্বের সব রাষ্ট্রকে সাইফ ও তার সাথে আটক ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করতে চাই। স্থানীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় তাদের বিচার হবে।"
৩৯ বছর বয়সী সাইফ আল ইসলামকে লিবিয়ার ক্ষমতায় মুয়াম্মার গাদ্দাফির উত্তরাধিকারী হিসেবে ভাবা হতো।
আটকের পর তাকেও তার বাবার মতো মেরে ফেলা হতে পারে এ আশঙ্কায় পশ্চিমা দেশগুলো লিবিয়া সরকারের প্রতি সাইফের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।
আটক সাইফের বিরুদ্ধে হত্যাকান্ডে উস্কানি দেয়া, জন তহবিলের অপব্যবহার ও ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ দেয়াসহ অন্যান্য অভিযোগ আনা হতে পারে বলে জানান লিবিয়ার অন্তর্র্বতী জাতীয় সরকারের বিচারমন্ত্রী মোহাম্মেদ আল আলাজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/পিডি/১৫২২ ঘ.
bdnews24