২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে ওয়েনের হুঁশিয়ারি

দক্ষিণ চীন সাগরের সমুদ্র সীমানা নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিরোধে 'বিদেশি বাহিনী'কে না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

নুসাদুয়া, ইন্দোনেশিয়া, ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ চীন সাগরের সমুদ্র সীমানা নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিরোধে 'বিদেশি বাহিনী'কে না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে চীন। মূলত যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে উদ্দেশ্য করেই এ সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। তিনি বলেন, "সংশ্লিষ্ট সার্বভৌম রাষ্ট্রগুলোর" উদ্যোগেই এ বিরোধের নিষ্পত্তি হওয়া উচিত। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট 'আসিয়ানে'র শীর্ষ সম্মেলনে ওয়েন একথা বলেন। এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও যোগ দিয়েছেন। অন্যান্য দেশগুলো এ সম্মেলনেই দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের সুরাহা চায়। বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে কয়েকটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত এবং এ সাগরে প্রচুর তেল ও গ্যাসের মজুদ রয়েছে। ইউ-আকৃতির এ সাগরের বেশিরভাগ অংশ দাবি করছে চীন। অন্যদিকে, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ব্র"নেইও এ সাগরের দাবিদার। কয়েক মাস ধরে চীন ক্রমশ তার দাবির পক্ষে জোর পদক্ষেপ নিচ্ছে। চীনের এ আচরণের উদ্বিগ্ন হয়ে উঠেছে কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা চায় এবং যুক্তরাষ্ট্র ও জাপানকে সঙ্গে নিয়ে তারা এ ব্যাপারে ছাড় দেওয়ার জন্য চীনের ওপর চাপও সৃষ্টি করছে। কিন্তু চীন দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানে ইচ্ছুক। এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় না। ওয়েনের বক্তব্য উদ্ধৃত করে সিনহুয়া বার্তা সংস্থা বলেছে, "এ বিরোধে বিদেশি বাহিনীর হস্তক্ষেপের কোনো অজুহাত চলবে না।" "এ ইস্যুতে সরাসরি যে দেশগুলো জড়িত তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনার মধ্য দিয়েই বিষয়টি নিস্পত্তি হওয়া উচিত। এর বাইরের দেশের কোনো বাহিনীর কোনো অবস্থাতেই এতে নাক গলানো সমীচীন নয়," বলেন ওয়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৭ঘ.