আম্মান, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে হারাস্তায় সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বুধবারের ভয়াবহ হামলায় পরিস্থিতি সশস্ত্র সংঘাতে মোড় নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে কার্যকর হয়েছে আরব লিগ থেকে সিরিয়াকে বহিষ্কারের আদেশও।
সিরিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভ দমনপীড়ন চলতে থাকায় আরব লীগ দেশটিকে গত শনিবার সংগঠন থেকে বহিস্কার করে। ১৬ নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিলো।
বুধবার সে সময়সীমা শেষের পর রাবাতে বৈঠক করেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রী তায়েব ফাসি ফিহরি এসময় রয়টার্সকে জানান, তারা সিরিয়াকে বর্জন করতে শুরু করেছেন।
তুরস্ক বলেছে, অস্থিরতা নিয়ন্ত্রণে সিরিয়া আরব শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
সিরিয়ায় সহিংসতা অবসানে আরবলীগ সমঝোতা প্রস্তাব দিলে তাতে সম্মতি দেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু প্রস্তাব অনুযায়ী কাজ শুরু না করে দমন-পীড়ন চালিয়ে যাওয়ায় আরব লিগ সিরিয়াকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এরপর রক্তক্ষয় বন্ধে সিরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকার মধ্যেই দেশটির সামরিক ঘাঁটির গোয়েন্দা দপ্তরে হামলা হলো।
আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়ায় আট মাস ধরে চলা আন্দোলনে সরকারী বাহিনীর কোনো কার্যালয়ে এটাই প্রথম বড় ধরনের হামলা।
দামেস্কর উত্তর প্রান্তে দামেস্ক-আলেপ্পো মহাসড়কে অবস্থিত বিমান বাহিনীর গোয়ান্দা সংস্থার কার্যালয়ে স্থানীয় সময় রাত আড়াইটার সময় রকেট ও মেশিনগান নিয়ে হামলা চালায় পক্ষত্যাগী 'ফ্রি সিরিয়ান আর্মির' সদস্যরা।
এতে গোয়েন্দা কার্যালয় ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার পর দু'পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে এবং ওই এলাকায় হেলিকপ্টার চক্কর দিচ্ছে।
স¤প্রতি কয়েকসপ্তাহে পক্ষত্যাগী সেনারা সামরিক লক্ষ্যস্থলে কেশ কয়েকটি হামলা চালালেও হারাস্তার হামলাটি সবচেয়ে র্দুর্ধষ।
এ ঘটনায় সিরিয়ায় আসাদ বাহিনী ও বিরোধীদের মধ্যে সশস্ত্র লড়াই আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
হারাস্তার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, "আমি বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছি। দু'পক্ষের মধ্যে মেশিনগানের গোলাগুলিও হয়েছে।"
সরকার বিরোধী বিক্ষোভ দমনাভিযান বন্ধ না করার কারণে সিরিয়ার বিরুদ্ধে আরব লিগের কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির মুহূর্তে এ হামলা হলো।
তবে সিরিয়া সরকার বিদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার কারণে সঠিক পরিস্থিতি জানা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
গত আট মাস ধরে চলামান অস্থিরতায় সিরিয়ায় এ পর্যন্ত সাড়ে ৩ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
কিন্তু সিরিয়া সরকার দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠি ও বিদেশি সাহায্যপুষ্ট জঙ্গিদের হামলায় ১ হাজার ১শ সেনা ও পুলিশ নিহত হয়েছে এই সময়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/২২০৩ঘ.
bdnews24