২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াল স্ট্রিট অচল করে দিতে চায় আন্দোলনকারীরা

'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনের দুই মাস পূর্তিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে আন্দোলকারীরা দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্র ওয়াল স্ট্রিট অচল করে দেওয়ার পরিকল্পনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনের দুই মাস পূর্তিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে আন্দোলকারীরা দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্র ওয়াল স্ট্রিট অচল করে দেওয়ার পরিকল্পনা করেছে। আগামী বৃহস্পতিবার 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনের দুই মাস পূর্ণ হবে। গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জুকোত্তি পার্ক থেকে এ আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে শুধু বহুজাতিক কোম্পানি ও ধনীরাই সুবিধাভোগ করছে, যারা দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ আর সংখ্যাগরিষ্ঠ জনগণ এ ব্যবস্থায় বঞ্চনার শিকার হচ্ছে। আন্দোলনের সংগঠকরা জানান, আগামী বৃহস্পতিবার 'প্রতিরোধ দিবস' হিসেবে পালনের পরিকল্পনা করেছেন তারা। 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দেলনের মুখপাত্র এড নিডহ্যাম বলেন, "আমি মনে করি চোখ খোলা রেখেই আমরা আন্দোলনে জড়িয়েছি, তবে প্রতিরোধ দিবসের মিছিল কোনো সংঘাত উস্কে দেয়ার জন্য নয় বরং আমরা চাই অসাম্যের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হোক।" এ কর্মসূচীতে পুলিশ ধরপাকড় চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "এটা ভাবা খুব কঠিন, আপনি প্রতিরোধ দিবস পালন করবেন, আর কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেখাবে না।" ওয়াল স্ট্রিটের দুই ব্লক দূরের একটি পার্কের প্রধান শিবির থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ওয়াল স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। সেখান থেকে আন্দোলনকারীরা নিউ ইয়র্কের বিভিন্ন সাবওয়েতে ছড়িয়ে যাবেন এবং অধিকার বঞ্চিত মার্কিনীদের কাহিনী অন্যদের জানানোর চেষ্টা করবেন। দিনশেষে আবার মিলিতো হয়ে মিছিল করে ব্র"কলিন ব্রিজে যেয়ে সমবেত হবেন। গত মাসে ব্র"কলিন ব্রিজে এ রকম এক মিছিল থেকে ৭শ আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। ফেইসবুকের আন্দোলনকারীদের পাতায় পোস্ট করা এক বার্তায় ওয়াল স্ট্রিট বন্ধ করে দেওয়ার প্রত্যয় জানিয়েছে একজন সংগঠক। তিনি লিখেছেন, "আমরা ওয়াল স্ট্রিট অচল করে দেবো।" আন্দোলনকারীদের পরিকল্পনা সম্পর্কে সোমবার নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নির্ধারিত সময়েই কাজ শুরু করবে। মানুষজন ঠিকঠাক মতোই কাজ করতে পারবে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৫১১ ঘ.