ওয়াশিংটন, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অফুরন্ত সূর্যরশ্মি দিয়ে মহাকাশে বিদ্যুৎ উৎপাদন করে পৃথিবীতে আগামী ৩০ বছরের মধ্যে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উপায়ে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব।
সোমবার ওয়াশিংটনে ন্যাশনাল স্পেস সোসাইটি এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে।
এ বিষয়ে গবেষণা পরিচালনা করেছেন ইন্টারন্যাশনাল একাডেমি অব অ্যাস্ট্রোনটিকসের একদল বিজ্ঞানী। তাদের ১৪৮ পৃষ্ঠার গবেষণা প্রতিবেদনই সোমবার ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়।
প্রকল্পটি এখনো গবেষণাগারে রয়েছে। তবে প্রস্তাবিত প্রকল্পটি 'প্রযুক্তিগতভাবে সম্ভব' বলে গবেষকরা জানিয়েছেন।
তারা জানান, গবেষণাগারের বর্তমান প্রযুক্তিতেই কক্ষপথে এমন বিদ্যুৎ প্রকল্প বসানো সম্ভব যাতে করে আগামী এক বা দুই দশকের মধ্যে সৌরশক্তি সংগ্রহ করে তা পৃথিবীতে পাঠানো যায়।
তবে এ প্রকল্পের জন্য গবেষকরা কোন রোডম্যাপ দেননি বা বিশেষ কোনো কাঠামোর প্রস্তাবও দেওয়া হয়নি।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন নাসার বিশেষজ্ঞ ও মার্কিন মহাকাশ সংস্থার সাবেক হেড অব কনসেপ্টস জন ম্যানকিনস (২৫)। তিনি বলেছেন, "এ বিষয়টি স্পষ্ট যে ২১ শতকে বৈশ্বিক বিদ্যুতের চাহিদা পূরণের ক্ষেত্রে মহাকাশ থেকে সরবরাহ করা সৌরশক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।"
গবেষণায় বলা হয়, মহাকাশ সৌর শক্তি নামের নতুন এ ধারণাকে বাজারজাত করতে প্রয়োজন সরকারী অর্থায়ন। কারণ এ প্রকল্পটি দীর্ঘ মেয়াদী এবং 'অর্থনৈতিক অনিশ্চয়তার' মুখোমুখি হতে পারে। তাই শুধু বেসরকারি খাতের পক্ষে প্রকল্পটি চালিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে।
তবে প্রকল্পটি বাস্তবায়নে কী পরিমাণ খরচ হতে পারে তা নিয়ে গবেষণা প্রতিবেদনে কিছু বলা হয়নি।
ন্যাশনাল স্পেস সোসাইটির মতে, মহাকাশ সৌর বিদ্যুৎ প্রকল্প পরিবেশগতভাবে নিরাপদ এবং দীর্ঘ মেয়াদী বিদ্যুৎ সমস্যার সমাধানে সহায়ক।
প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী, বিষুব রেখার ওপর জিওসিনক্রোনাস কক্ষপথে পর্যায়ক্রমে একের পর এক বেশকিছু সৌরশক্তি-চালিত কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হবে। এ উপগ্রহগুলোর একটি থেকে অন্যটির দূরত্ব হবে কয়েক কিলোমিটার। এ উপগ্রহগুলো দৈনিক ২৪ ঘন্টা পর্যন্ত সূর্যের আলো সংগহ করতে পারবে।
এরপর সূর্যের আলো থেকে সংগৃহীত তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মাইক্রোওয়েভ ট্রান্সমিটিং অ্যান্টেনা ও লেজারের মাধ্যমে পৃথিবীর যেখানে প্রয়োজন সেখানে পাঠানো হবে এবং প্রাপ্ত বিদ্যুৎ পাওয়ার গ্রিডে যোগ করা হবে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/এলকিউ/২১৩০ঘ.
bdnews24