বৈরুত, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ আরব লিগের কঠোর সিদ্ধান্তের পর সিরিয়ার ওপর রক্তক্ষয় বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সোমবার সিরিয়ার প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
সিরিয়ায় আরোপ হয়েছে আরো ইউরোপীয় নিষেধাজ্ঞা। দামেস্কর সমালোচনা করেছে তুরস্ক।
বিবিসি'র সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দেশের স্বার্থে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, "আমি তার জায়গায় থাকলে পদত্যাগ করতাম।"
"বাশার দেশের স্বার্থের দিকে তাকালে তিনি পদত্যাগ করবেন। কিন্তু বিদায় নেওয়ার আগে তাকে একইসঙ্গে দেশে পরিবর্তন নিশ্চিত করতে রাজনৈতিক সংলাপের নতুন অধ্যায়ের সূচনা করতে হবে," বলেন আবদুল্লাহ।
প্রতিবেশী দেশ জর্ডান স¤প্রতি কয়েকমাসে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানের কড়া সমালোচনা করে এসেছে।
একইসঙ্গে সিরিয়ায় সমালোচনা করেছে সৌদি আরব এবং কাতারও। সিরিয়া সরকারের বিক্ষোভ দমনাভিযানের প্রতিবাদে স¤প্রতি দামেস্ক ছেড়েছেন সৌদি আরব ও কাতারের রাষ্ট্রদূত।
সিরিয়ায় রক্তক্ষয়ের প্রতিবাদ জানিয়েছে তুরস্কও। এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে সিরিয়ার জনগণের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার অঙ্গীকার করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু।
তুরস্কের পার্লামেন্টে এক বক্তব্যে তিনি বলেন, "দামেস্ককে আর বিশ্বাস করা যায় না।"
ওদিকে, ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ায় সহিংসতা বন্ধে চাপ সৃষ্টি করতে নিষেধাজ্ঞা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দমনাভিযানে জড়িত সিরিয়া সরকারের ১৮ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা বাড়াচ্ছে ইইউ।
তাছাড়া, অর্থনৈতিক দিক থেকে চাপ বাড়াতে সিরিয়ার জন্য ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের তহবিলও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। ব্রাসেলস এর ইইউ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সিরিয়ার জনগণের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আসাদ সরকারের ওপর চাপ বাড়াতে অতিরিক্ত আরো পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করাটা এ মুহূর্তে খুবই জরুরি বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।
ওদিকে, ফ্রান্স বলেছে, সিরিয়ায় সহিংসতা বন্ধ করে জনগণকে সুরক্ষা দেওয়া এবং রাজনৈতিক উত্তরণের ব্যবস্থা করাটাকেই এ মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রধিকার দিচ্ছে তারা।
আরব লিগ শনিবার সিরিয়াকে সংগঠন থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়ার পরপরই দেশটির ওপর নতুন করে এ আন্তর্জাতিক চাপ সৃষ্টি হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৭ঘ.
bdnews24