ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের আত্মস্বীকৃত খুনী আন্দ্রে বেরিং ব্রেইভিককে প্রথমবারের মতো প্রকাশ্য আদালতে হাজির করা হয়েছে সোমবার।
রাজধানী অসলোর আদালতে গণমাধ্যম কর্মী ও জনগণের সামনে তাকে হাজির করা হয়।
চলতি বছর ২২শে জুলাই রাজধানী অসলো ও উটোইয়া দ্বীপে যুব শিবিরে হামলা চালিয়ে অন্তত ৭৭ জনকে হত্যার পর থেকে আটক রয়েছেন ৩২ বছর বয়সী চরম ডানপন্থি ব্রেইভিক।
সোমবার আদালতের শুনানিতে হাজির হয়ে তিনি এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও দোষ স্বীকার করতে রাজি হননি।
ব্রেইভিক বলেন, "আমি এ ঘটনার দায় স্বীকার করলেও নিজেকে দোষী মনে করি না।"
এর আগে আদালতে ব্রেইভিকের শুনানি হয়েছে গোপনে।
এবার প্রকাশ্যে তাকে আদালতে হাজির করায় গণমাধ্যম থেকে শুরু করে হামলার ঘটনায় বেঁচে যাওয়া এবং ওই ঘটনার শিকার হওয়াদের পরিবার-পরিজনরাও প্রথম তার কথা শোনার সুযোগ পেলো।
নরওয়ের সুপ্রিম কোর্ট গত শুক্রবার প্রকাশ্য আদালতে ব্রেইভিকের শুনানি অনুষ্ঠানের অনুমতি দিয়ে আদেশ জারি করে।
আদালতে এটি ব্রেইভিকের চতুর্থ শুনানি। আদালত তাকে কাস্টডিতে রাখার সিদ্ধান্ত নিতে পারে। বিচার হওয়ার আগ পর্যন্ত তাকে কারাগারে রাখা হবে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৬ঘ.
bdnews24