রোম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিলভিও বার্লুসকোনির পদত্যাগের পর ইতালির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার মারিও মোন্তি। প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানো রোববার তাকে নিয়োগ দেন।
ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালির ঋণ সংকট সমস্যা পুরো ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিকেই ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। সেক্ষেত্রে নতুন প্রধানমন্ত্রীর প্রথম কাজ হবে এ সংকট থেকে উত্তরণে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মোন্তি জানিয়েছেন, মন্ত্রিসভা গঠনের জন্য তিনি দ্রুত কাজ শুরু করবেন এবং কয়েকদিনের মধ্যেই তার মন্ত্রিসভার ১২ সদস্যদের নাম ঘোষণা করবেন।
নতুন প্রধানমন্ত্রী বলেন, "দেশের স্বার্থে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবো। পুরো ইউরোপ, বিশেষকরে ইতালির এই সংকটকালীন চ্যালেঞ্জ অবশ্যই মোকাবিলা করতে হবে।"
ধারণা করা হচ্ছে, মোন্তির নতুন মন্ত্রিসভার বেশিরভাগ পদেই আমলারা স্থান পাবেন।
শনিবার ইতালির পার্লামেন্টে বাজেট সংশোধন করে ব্যায় সংকোচন বিল পাস হয়। এরপরই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি।
বার্লুসকোনির পদত্যাগের পরপরই নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়ে যায়।
আগেই ধারণা করা হয়েছিল নতুন প্রধানমন্ত্রী হিসেবে খ্যাতিমান অর্থনীতিবিদ সাবেক ইউরোপীয় কমিশনার মারিও মোন্তি নিয়োগ পাচ্ছেন।
গত এক সপ্তাহ ধরে ইতালির অর্থ বাজারে চরম নাজুক পরিস্থিতি বিরাজ করছে। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার পর সোমবার অর্থ বাজারে এর কী প্রভাব পড়ে তা দেখার জন্য অপেক্ষা করছেন উদ্বিগ্ন ইতালীয়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএল/১৩৩১ ঘ.
bdnews24