ফুকুশিমা, ১২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানে মার্চের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্র প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছেন কর্মকর্তারা।
প্রায় ৩০ জন সাংবাদিক কেন্দ্রটি পরিদর্শন করেছেন। এদের বেশির ভাগই জাপানি।
মার্চের সুনামিতে ২৫ বছর আগের চেরোনোবিল পরমাণু দুর্ঘটনার মতো ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার শিকার হয়েছিলো এ ফুকুশিমা কেন্দ্রটি।
ফলে ওই সময় সাংবাদিকরা কেন্দ্রটিতে প্রবেশ করতে চাইলে নিরাপত্তার স্বার্থে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।
কারণ তখন তেজস্ত্রিয়তার মাত্রা ছিল অনেক বেশি। তাছাড়া, সাংবাদিকদের ফুকুশিমা পরিদর্শনের কারণে সংকট সামাল দেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হতে পারে বলেও কর্তৃপক্ষ ওই সময় তাদের অনুমতি দেয়নি।
কিস্তু এখন তারা সে অনুমতি পেলো। পুরোপুরি তেজস্ক্রিয়তা নিরোধক ব্যবস্থা নিয়েই সাংবাদিকরা কেন্দ্রটি পরিদর্শন করেছে।
এপি'র একজন সাংবাদিক পরিদর্শন শেষে বলেন, "ট্রাকগুলো দুমড়ে-মুচড়ে উল্টে রয়েছে, পরমাণু চুল্লিঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং দুর্ঘটনার পর থেকে ধ্বংসস্তুপের ওপর হাত পড়েনি বললেই চলে।"
এছাড়া সুনামির ফলে শীতলকরণ প্রক্রিয়া নষ্ট হয়ে যাওয়ার পর তিনটি পরমাণু চুল্লির জ্বালানি রড¬ গলে গেছে।
তবে পরমাণু কেন্দ্রটির পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে- তা দেখাতেই সাংবাদিকদের কেন্দ্রটি পরিদর্শন করতে নিয়ে যাওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে ছিলেন পরিচ্ছন্নতার কাজে দায়িত্বপ্রাপ্ত জাপানি মন্ত্রী গোশি হোসোনো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৬ঘ.
bdnews24