সৈয়দ নাহাস পাশা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
লন্ডন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ে সূত্রে ইউরোপের বাইরে থেকে ব্রিটেনে অভিবাসনের ক্ষেত্রে বয়সসীমা ২১ থেকে কমিয়ে আবারও ১৮ বছর করা হয়েছে।
অভিবাসন সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে এ সিদ্ধান্ত হয়। মানুষের মৌলিক অধিকার ও পারিবারিক জীবন যাপনের অধিকার বিবেচনায় নিয়ে ওই রায় দেয় আদালত।
আগামী ২৮ নভেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে। ফলে ইউরোপের বাইরের দেশগুলো থেকে আরো প্রায় ৫ হাজার মানুষ ব্রিটেনে গিয়ে তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে।
তিন বছর আগে লেবার সরকারের সময়ে নিয়ম করা হয়, স্পাউস ভিসায় কেউ ব্রিটেনে আসতে চাইলে তার বয়স অন্তত ২১ হতে হবে। আগে এই বয়সসীমা ছিল ১৮ বছর।
এই নিয়ম করার ক্ষেত্রে সরকারের যুক্তি ছিলো, স্বামী বা স্ত্রী হিসেবে মানিসকভাবে পরিপক্কতা অর্জন এবং জীবন সম্পর্কে দক্ষতা অর্জনের জন্য ন্যূনতম ২১ বছর বয়স হওয়া প্রয়োজন।
বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটরাও তখন ওই আইনকে স্বাগত জানায়।
পরবর্তীতে বলা হয়, ফোর্সড ম্যারেজ অর্থাৎ জোরপূর্বক বিয়ে বন্ধ করার জন্যই বয়সসীমা বাড়ানো হয়েছে।
ব্রিটিশ অভিবাসন আইনের ২৭৭ নম্বর ধারার এই বিধি চ্যালেঞ্জ করে চিলির একজন নাগরিক এবং ব্রিটেন ও এশিয়ার দুই দম্পতি আদালতে মামলা করেন। হাইকোর্ট সরকারের পক্ষে রায় দিলে তারা আপিল করেন।
এরপর গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের এক রায়ে স্পাউস ভিসার বয়সসীমা ২১ বছর করার সিদ্ধান্ত বাতিল করা হয়। আর ৭ নভেম্বর ইউকে বর্ডার এজেন্সি আদালতের রায় মেনে নিয়ে এই বয়সসীমা আবার ১৮ বছর নির্ধারণ করে।
তাদের নির্দেশনায় বলা হয়, সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে স্পাউস ভিসার ক্ষেত্রে ১৮ বছর বয়স সংক্রান্ত আইনটি পুনর্বহাল করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এএইচ/পিডি/০৯৩১ ঘ.
bdnews24