লস অ্যাঞ্জেলস, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৮৪তম অস্কার অনুষ্ঠান উপস্থাপনা থেকে নিজেকে সরিয়ে নিলেন জনপ্রিয় কৌতুক-অভিনেতা এডি মারফি। তার পরিবর্তে আসছেন প্রযোজক ব্রায়ান গ্রেযার।
অস্কার অনুষ্ঠান থেকে কোনো উপস্থাপকের সরে যাওয়ার ঘটনা এটিই প্রথম। দর্শক সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রে টেলিভিশনে সবচেয়ে এগিয়ে থাকা অনুষ্ঠান অস্কার বিশ্বজুড়ে লাখ লাখ দর্শকও উপভোগ করে থাকেন।
আগামী ২৬ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় অস্কার অনুষ্ঠান ডন মিশারের সঙ্গে উপস্থাপন করবেন গ্রেযার।
২৫ বছর ধরে চলচ্চিত্র প্রযোজনায় থাকা ব্রায়ান গ্রেযারের আলোচিত চলচ্চিত্রগুলোর একটি হলো 'আ বিউটিফুল মাইন্ড'।
অনুষ্ঠান উপস্থাপনা থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা বুধবার দেন মারফি। একইদিন উপস্থাপক হিসেবে গ্রেযারের নাম জানায় আয়োজকরা।
মারফি তার বিবৃতিতে বলেন, "সবার আগে বলতে চাই, সব পক্ষের সিদ্ধান্তের কারণ আমি বুঝতে পারছি এবং সমর্থন করছি। আমি সত্যি এ অনুষ্ঠানের একটি অংশ হতে চেয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত নতুন দল একইরকম সেরা কাজ করবে।"
৮৪তম অস্কার অনুষ্ঠান উপস্থাপন করার কথা ছিল ব্রেট র্যাটনার ও এডি মারফির।
কিন্তু স¤প্রতি এক অনুষ্ঠানে প্রশ্নোত্তরে সমকামীদের তাচ্ছিল্য করে এমন শব্দ ব্যবহার করে জবাব দেওয়ায় তাকে প্রত্যাহার করে অস্কার পুরস্কার দানকারি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
র্যাটনারের ওই মন্তব্য হলিউডে ব্যাপক সমালোচনার জন্ম দেওয়ার পর মঙ্গলবার তাকে অনুষ্ঠান উপস্থাপনা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় অ্যাকাডেমি।
মারফির নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যাকাডেমির প্রেসিডেন্ট টম শিরাক এক বিবৃতিতে বলেন, "সহযোগীকে হারানোয় এডির যে অনুভূতি তা প্রশংসনীয়। তার জন্য আমাদের সবার শুভকামনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২১১৯ ঘ.
bdnews24