২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদ্দুতে মনমোহন-গিলানি বৈঠক

মালদ্বীপে সপ্তদশ সার্ক সম্মেলন শুরুর আগে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপে সপ্তদশ সার্ক সম্মেলন শুরুর আগে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। মালদ্বীপের অনলাইন সংবাদ মাধ্যম হাভেরু অনলাইন জানায়, আদ্দু সিটির সাংরিলা রিসোর্টে সকালে স্বল্প সময়ের ওই বৈঠকের আগে সাংবাদিকদের সামনে হাত মেলান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বুধবার সাংবাদিকদের বলেন, সার্কের সহযোগিতার ক্ষেত্র স¤প্রসারণের মধ্য দিয়ে এ দুই দেশের 'বিশ্বাসের ঘাটতি' দিনে দিনে কমে আসবে বলেই বিশ্বাস করে তার দেশ। তিনি বলেন, "দুই দেশের মধ্যে বহু বছর ধরে যে বিশ্বাসের ঘাটতি রয়েছে, তা অনেকখানি কমেছে।" "তবে আমাদের আরো অনেক পথ এগোতে হবে", মনে করিয়ে দেন হিনা। 'বিশ্বাসের ঘাটতি' যে কমছে, তা স্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাও। দুই দেশের মধ্যে 'খুবই ইতিবাচক পরিবেশ' বিরাজ করছে উল্লেখ করে বুধবার তিনি বলেন, এ অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে পাকিস্তান ও ভারতের একটি যৌথ কৌশল প্রণয়ন করা প্রয়োজন। ২০০৮ সালে মুম্বাই হামলার পর পরমাণু শক্তিধরএ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে। পাকিস্তান-ভিত্তিক চরমপন্থি দল লস্কর-ই-তৈয়বার চালানো ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। লস্কর-ই-তৈয়বার সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর যোগাযোগ থাকার অভিযোগে ভারত দুই দেশের শান্তি আালোচনা ভেঙে দেয়। তবে সা¤প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি সম্মেলন ও আলোচনার মাধ্যমে দুই পক্ষ আবার কিছুটা কাছকাছি এসেছে। সার্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আদ্দু দ্বীপের ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে শুরু হচ্ছে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য 'সেতুবন্ধ রচনা'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১২৫০ ঘ.