আম্মান, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন 'প্রত্যাশিত' বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সিনেট প্যানেলে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী জেফরি ফেল্টম্যান বুধবার বলেন, "আরব দেশগুলোর প্রায় সব নেতা এবং পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আমি কথা বলেছি। তারা প্রায় সবাই একই কথাই বলছেন যে, আসাদের শাসন শেষ হয়ে এসেছে। এটি প্রত্যাশিত।"
তিনি আরো বলেন, "আরব দেশগুলোর মধ্যে কয়েকটি আবার দ্রুত পদত্যাগে উৎসাহিত করতে আসাদকে নিরাপদ আশ্রয়েরও প্রস্তাব দিয়েছে।"
তবে কোন কোন দেশ আসাদকে নিরাপদ আশ্রয়ের প্রস্তাব দিচ্ছে সেগুলোর নাম উল্লেখ না করলেও জেফরি আশা করছেন, আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগী 'স্বেচ্ছায় দেশত্যাগের দিকে এগিয়ে যাচ্ছে'।
এদিকে মঙ্গলবার দামেস্কতে এক শেষকৃত্যানুষ্ঠানে সেনাবাহিনীর গুলিতে আটজন গণতন্ত্রকামী আন্দোলনকারী নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ইউটিউবে প্রকাশিত সিরিয়ান রেভ্যুলুশনারি জেনারেল কমিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, দামেস্কর বারজেহ এলাকায় কয়েকজন সেনা ও পুলিশ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়া জনতার ওপর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি করছে।
মঙ্গলবার নিহত আন্দোলনকারী বাসাম আব্দেল করিম বারাহের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছিলো তারা। অপর একটি ভিডিওতে আহত ব্যক্তিদের মাইক্রোবাসে তুলতে দেখা গেছে।
এদিকে হমস ও হামা শহরের বিভিন্ন এলাকায় আরো ১৬ জন নিহত হয়েছে বলে লোকাল কোঅর্ডিনেশন কমিটি জানিয়েছে। এছাড়া বুধবার সেনারা হমস শহরের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে কয়েকশ' ব্যক্তিকে আটকও করেছে।
গত সাত মাস ধরে চলা প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলনে রাজধানীতে সংঘঠিত ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।
তবে মৃত্যুহার বৃদ্ধি, পশ্চিমা নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক নানামুখী চাপ এবং অভ্যন্তরে বিদ্রোহ ও সা¤প্রদায়িক দাঙ্গা অব্যাহত থাকলেও ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিতই দিচ্ছেন না আসাদ।
২০০০ সালে ক্ষমতা গ্রহণের পর নিজ অবস্থান পাকাপোক্ত রাখতে আসাদ ইরানের শিয়াদের সঙ্গে জোট, আরব দেশগুলোর জঙ্গিদের সমর্থন ও ইসরায়েলের সাথে সরাসরি দ্বন্দ্ব এড়াতে তার পিতার দেখানো পথই অনুসরণ করা শুরু করেন।
গত ২ নভেম্বর আরব লিগের প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে সিরীয় সরকার সম্মত হলেও কার্যত তা বাস্তবায়নের কোনো আভাস দেখা যাচ্ছে না।
আরব লিগ প্রস্তাবিত চুক্তিতে দুই সপ্তাহের মধ্যে সিরিয়ার বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং আরো গণতান্ত্রিক স্বাধীনতা প্রতিষ্ঠায় বিরোধীপক্ষগুলোর সঙ্গে আলোচনা শুরুর অঙ্গীকার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৩ ঘ.
bdnews24