সিউল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলোতে রীতিমতো ভিড় জমে গেছে হবু মায়েদের। তারা চান, অস্ত্রোপচার করে হলেও ১১ নভেম্বরই তাদের সন্তানের জন্ম হোক।
রহস্যটা আসলে তারিখে। দক্ষিণ কোরিয়ায় নাগরিকত্ব নিবন্ধনের ক্ষেত্রে ১৩ অংকের নিবন্ধন নম্বরের প্রথম ছয়টি অংক হয় জন্মতারিখ অনুযায়ী। অর্থাৎ শুক্রবার যারা জন্ম নেবে, তাদের নিবন্ধন নম্বরের শুরুতে থাকবে ১১১১১১ (১১ নভেম্বর ২০১১)।
আর হবু সন্তানের জন্য এই 'ম্যাজিক নম্বরটি' পেতে মরিয়া হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার মায়েরা। অনেকের সন্তান জন্ম নেওয়ার নির্ধারতি তারিখ আসতে আরো সপ্তাহখানেক দেরি থাকলেও শুক্রবারই তারা অস্ত্রোপচার করে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চান।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত বছরের ১১ নভেম্বরের তুলনায় এবার এই দিনে অস্ত্রপচারের মাধ্যমে সন্তান জন্মদানে আগ্রহী মায়ের সংখ্যা ২০ শতাংশ বেশি।
সিউলের একটি মাতৃসদন কেন্দ্রের এক কর্মী বলেন, "এমনিতে অনেক হবু মা চান, তাদের সন্তানের জন্ম হোক বছরের প্রথম দিনে। এ কারণে প্রতি বছর ১ জানুয়ারি অস্ত্রোপচারের জন্য ভিড় করেন তারা। তবে অদ্ভুতভাবে এবার ১১ নভেম্বরের জন্য অনেকেই আগ্রহী হয়ে উঠেছে।"
অবশ্য দক্ষিণ কোরিয়ায় ১১ নভেম্বর তারিখটির আরো একটি বিশেষ তাৎপর্য আছে। কোরীয়রা দিনটি উদযাপন করে 'পেপেরো ডে' বা 'মধুরতম দিবস' হিসেবে। পশ্চিমের ভ্যালেন্টাইনস ডের আঙ্গিকে দিনটি কাটায় দেশটির তরুণ-তরুণীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/জেকে/১১৪৮ ঘ.
bdnews24