জাতিসংঘ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চেয়ে ফিলিস্তিনের করা আবেদনের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ একটি কমিটি। ওই কমিটির একটি খসড়া প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এতে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মঙ্গলবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের কাছে বিতরণ করা বিশেষ ওই কমিটির প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের কাছে সর্বসম্মতভাবে সুপারিশ করতে পারেনি কমিটি।
চার পৃষ্ঠার ওই খসড়া প্রতিবেদনে এ বিষয়টি অনেকাংশে স্পষ্ট হয়ে উঠেছে যে, নিরাপত্তা পরিষদের সদস্যদের মতদ্বৈততার কারণে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনের এই চেষ্টা অনেকটাই ঝুলে গেছে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ভেটো ক্ষমতা প্রয়োগের ঘোষণা দেওয়ায় ফিলিস্তিনের দাবি আপাতত পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেছেন জাতিসংঘের পশ্চিমা দূতরা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চেয়ে এ বিশ্ব সংস্থার মহাসচিবের কাছে আবেদন করেন। বিষয়টি ভোটাভুটির জন্য ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদে ওঠার আগে নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হয়।
নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের (৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী সদস্য) মধ্যে ৯টি রাষ্ট্র কোনো প্রস্তাবের পক্ষে রায় দিলে এবং কোনো স্থায়ী সদস্য তার বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ না করলে প্রস্তাবটি পাস হয়।
নিরাপত্তা পরিষদের ৮টি সদস্য রাষ্ট্র ইতোমধ্যে ফিলিস্তিনের দাবিকে সমর্থন দিয়েছে। আরো একটি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেই তা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে হবে।
রাশিয়া, চীন, ব্রাজিল, ভারত, লেবানন ও দক্ষিণ আফ্রিকা গত সপ্তাহের এক বৈঠকে ফিলিস্তিনের দাবিকে সমর্থন করে। এছাড়া গ্যাবন ও নাইজেরিয়ারও প্রস্তাবটি সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিরোধিতা করেছে। বসনিয়া নিজের অবস্থান স্পষ্ট করেনি। আর ব্রিটেন, ফ্রান্স ও কলম্বিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকবে বলে জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের অন্য দুই সদস্য জার্মানি ও পর্তুগালও প্রস্তাবটির ওপর ভোটে অংশ নেওয়া থেকে বিরত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এবি/এএইচ/জেকে/১১৫৮ ঘ.
bdnews24