২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পরমাণু বোমার নকশা করছে ইরান'

পরমাণু বোমার নকশা নিয়ে কাজ করছে ইরান। এ সংক্রান্ত গোপন গবেষণাও চালিয়ে যাচ্ছে দেশটি। প্রকাশিতব্য এক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ভিয়েনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু বোমার নকশা নিয়ে কাজ করছে ইরান। এ সংক্রান্ত গোপন গবেষণাও চালিয়ে যাচ্ছে দেশটি। প্রকাশিতব্য এক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সদস্য রাষ্ট্র ও অন্যান্য উৎস থেকে পাওয়া 'বিশ্বাসযোগ্য' তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছে আইএইএ। মঙ্গলবার আইএইএ'র গভর্নরদের বোর্ড মিটিংয়ের আগে প্রতিবেদনটি দেখার সুযোগ পায় রয়টার্স। প্রতিবেদনে পরমাণু বোমার 'ট্রিগার' তৈরিসহ বিভিন্ন তৎপরতার বিস্তারিত বিবরণ দেয়া হয়। প্রতিবেদন প্রকাশের পর ইরানের পরমাণু বোমা তৈরির উচ্চাকাক্সক্ষায় লাগাম পড়ানোর প্রশ্নে ইতোমধ্যে শক্তিধর দেশগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো কঠোর করার ইঙ্গিত দেয়, কিন্তু রাশিয়া প্রকাশিতব্য প্রতিবেদনটির সমালোচনা করে জানায়, এর ফলে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেদনটিকে 'ভারসাম্যহীন' ও 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' উল্লেখ করে ইরান আগাম এটি প্রত্যাখ্যান করে। আইএইএ-তে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, "অত্যন্ত বিপজ্জনক একটি বিষয় নিয়ে খেলছেন আইএইএ প্রধান ইয়ুকিয়া আমানো।" এ প্রতিবেদনের জেরে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো আশঙ্কা করছে। তবে, ইরানের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাওয়া না গেলে দেশটির ওপর আরো চাপ বাড়ানোর পথ খুঁজছে বলে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.