নয়া দিল্লি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেট্রোলের দাম বাড়ানো নিয়ে ভারতের ক্ষমতাসীন জোট ইউনাইটেড প্রগেসিভ ফ্রন্ট (ইউপিএ) থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার রাতে এ বছর চতুর্থ দফা পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণার পর এ হুমকি দিলেন তিনি।
শুক্রবার মমতা বলেন, "প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় আমি এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না যাতে সরকার পতন হয়।"
"প্রধানমন্ত্রী দেশে ফিরলে আমাদের দল তার কাছে আমাদের বক্তব্য তুলে ধরবো যে, এটা এভাবে চলতে থাকলে আমরা সরকারে থাকতে চাই না। আমরা যথেষ্ট সহ্য করেছি। কিন্তু গরীবের ওপর বোঝা চাপানো আর সহ্য করতে চাই না।"
জি টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং এখন ফ্রান্সে অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২০৪৭ ঘ.
bdnews24