রামাল্লাহ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘে পূর্ণসদস্য পদ ছাড়া অন্য কিছু মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিন।
বৃহস্পতিবার ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, জাতিসংঘে বর্তমান মর্যাদা পর্যবেক্ষক হিসেবে উপস্থিতির উন্নতি নয়, পূর্ণ সদস্য পদ চাই।
চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পূর্ণ সদস্যের স্বীকৃতি চেয়ে আবেদন জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি রাষ্ট্রের বিরোধিতায় বিষয়টি এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি।
আল মালিকি রামাল্লায় সাংবাদিকদের বলেন, ফিলিস্তিন আরো আগেই পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেতে পারতো। তবে এখন আর ওই বিষয়ে আগ্রহী নয়।
বর্তমানে জাতিসংঘে পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত ফিলিস্তিন। পূর্ণ সদস্যপদ চাওয়ার পর তা না দিয়ে তাদের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা উঠেছে।
ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ফিলিস্তিনি জনগণের এতো ত্যাগ, তিতিক্ষা ও প্রচেষ্টার পর আমরা পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা চাই না।"
জাতিসংঘে রাষ্ট্র হিসেবে পূর্ণ সদস্যপদের ফিলিস্তিনি দাবি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এরপরই মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনে প্রায় ২ কোটি মার্কিন ডলারের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে।
এছাড়া জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেয়ায় সংস্থাটিকে প্রদেয় ৬ কোটি মার্কিন ডলার তহবিলও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের অন্য সংস্থাগুলোতে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতির আবেদন জানাবে বলে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এমআই/১৬৩৩ ঘ.
bdnews24